আশা ছাড়েননি ইউসুফ
দেড় বছর ধরে দলের বাইরে আছেন। নির্বাচকেরা একের পর এক উপেক্ষা করে যাচ্ছেন মোহাম্মদ ইউসুফকে। সর্বশেষ উপেক্ষিত হয়েছেন শ্রীলঙ্কা সফরের দলে। তাই বলে এখনো আশা ছাড়েননি পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান।‘অন্তত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকার প্রত্যাশা করেছিলাম আমি। কিন্তু সেটা হয়নি। দলে জায়গা না পেলেও আশাহত নই আমি’—পাকিস্তানের ডেইলি টাইমসকে বলেছেন ইউসুফ।ইউসুফের বয়স এখন ৩৭। অবসর নেওয়ার জন্য বয়সটা যথেষ্টই। নির্বাচকেরা ভরসা রাখছেন তরুণদের ওপর। এখন সম্মান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেই তো পারেন ইউসুফ! হ্যাঁ, সেটা হয়তো তিনি পারেন, এখনো যে একটা লক্ষ্য পূরণ বাকি রয়ে গেছে টেস্টে সাত হাজার ৫৩০ রান করা এই ব্যাটসম্যানের।নিজের লক্ষ্যের কথা জানিয়ে ইউসুফ বলেছেন, ‘১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করতে চাই আমি। ১০০ টেস্ট খেলেও অনেক ক্রিকেটার মাঠে ভালো করছেন। আমি তো কেবল ৯০টি টেস্ট খেলেছি।’২০১০ সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ পাকিস্তান দলের হয়ে দেখা গিয়েছিল ইউসুফকে। তাঁকে দলে না ফিরিয়ে আনার কারণ হিসেবে নির্বাচকেরা বারবার বলেছেন, ঘরোয়া ক্রিকেটে খেলে নিজের ফর্ম ও ফিটনেসের প্রমাণ দিতে হবে ইউসুফকে।ইউসুফের দাবি, মাঠে ফেরার মতো যথেষ্ট ভালো ফর্ম ও ফিটনেস তাঁর রয়েছে। শ্রীলঙ্কা সফরের দলে জায়গা পাওয়ার আশা নেটে প্রচুর সময় দিয়েছেন। নতুন কোচ ডেভ হোয়াটমোরের তত্ত্বাবধানে ফিটনেস পরীক্ষাও দিয়েছেন। ইউসুফ বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য আমার ভালো ফিটনেস রয়েছে। এ নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। ক্রিকেটে এখনো আমার লক্ষ্য রয়েছে। আর এটিই গুরুত্বপূর্ণ।’