আশা ছেড়ে দিয়েছেন মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের লা লিগায় ১৬ ম্যাচে বার্সেলোনার অর্জন ৪৬ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদের অর্জন ৩৩ পয়েন্ট। এর মানে, এখন পর্যন্ত বর্তমান লিগ চ্যাম্পিয়নরা পিছিয়ে ১৩ পয়েন্টে। প্রশ্ন হচ্ছে, এ অবস্থানে থেকে বার্সাকে পেছনে ফেলে শিরোপা জয় কি রিয়ালের পক্ষে সম্ভব?নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে রিয়ালের লা লিগা জয়ের সম্ভাবনা একবারে শূন্যের কোঠায়। কারণ, লিগে এখন পর্যন্ত বার্সা হারেনি, ড্র কেবল একটিতে। অন্যদিকে রিয়াল জিতেছে মাত্র ১০টিতে, তিনটিতে হার ও তিনটিতে ড্র। আগামী ম্যাচগুলোতে নিশ্চয়ই আকাশ থেকে একেবারে পাতালে নেমে আসবে না বার্সা। রিয়ালের ভক্তরা অবশ্য ভিন্নমত পোষণ করতে পারেন। বলতে পারেন, এখনো অনেক পথ বাকি। তবে রিয়াল-ভক্তরা আশাহত হতে পারেন হোসে মরিনহোর কথায়। রিয়ালের কোচ যে আগেভাগেই শিরোপার আশা ছেড়ে দিয়েছেন!‘এটা অসম্ভব। এই পর্যায়ে ব্যবধানটা অনেক। গত বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে আমরা ১০ পয়েন্টে এগিয়ে ছিলাম। শেষ পর্যন্ত সেটা ধরে রেখেছিলাম।’ রিয়ালের শিরোপা জয়ের সম্ভাবনার প্রশ্নে গতকাল রোববার রাতে সংবাদ সম্মেলনে বলেন মরিনহো।মরিনহো যে আশা ছেড়ে দিয়েছেন তা আরও স্পষ্ট হয় তাঁর পরের কথায়, ‘লিগে যদি আমরা নিজেদের উন্নতি করতে পারি, তা কিংস কাপ ও চ্যাম্পিয়নস লিগে কাজে লাগবে।’গতকাল রাতে ঘরের মাঠে এসপানিওলের সঙ্গে ২-২ গোলে ড্র করে রিয়াল। অন্যদিকে ন্যু ক্যাম্পে লিওনেল মেসির জোড়া গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-১-এ উড়িয়ে দেয় বার্সেলোনা।লিগে ১৬ ম্যাচে এরই মধ্যে ১৫ পয়েন্ট হারিয়েছে রিয়াল। গত মৌসুমে লিগের পুরো সময়ে এত পয়েন্ট হারায়নি দলটি। রিয়ালের এই বাজে অবস্থায় বিস্মিত মরিনহো, ‘এমন পরিস্থিতি এর আগে দেখিনি। এটা আমার জন্য নতুন। তবে আমি হাল ছাড়ার পাত্র নই। যতটা ভালোভাবে সম্ভব মৌসুম শেষ করতে চাই। আমাদের লড়াই করতে হবে। তবে লিগ জয় এখন অসম্ভব।’ সূত্র: রয়টার্স।