আশা ছেড়ে দিয়েছেন মরিনহো
সর্বশেষ এমন ঘটনা কবে ঘটেছে তা রীতিমতো গবেষণার বিষয়। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে লিগের শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করে যাওয়ার নেশা যাদের রক্তে, সেই রিয়াল এবার শিরোপার আশা ছেড়ে দিল লিগের অর্ধেক না যেতেই! বাকি আরও ২২ ম্যাচ। কিন্তু সুড়ঙ্গের শেষ প্রান্তে কোনো আলোই দেখছেন না হোসে মরিনহো। রিয়াল কোচের তাই অসহায় আত্মসমর্থন, ‘লিগ জেতা এখন অসম্ভব!’রিয়ালের তো বটেই; মরিনহোর কোচিং ক্যারিয়ারেও লিগের মাঝপথেই এভাবে হাল ছেড়ে দেওয়ার নজির নেই। ‘অসম্ভব’ বলে কোনো শব্দই তাঁর অভিধানে ছিল না। এবারের লিগটাকে সেই মরিনহো বলছেন ‘মিশন ইমপসিবল’। বাস্তবতাই এমন অসহায় বানিয়ে দিয়েছে মরিনহোকে। রিয়াল আগেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে ছিল। পরশু এসপানিওলের সঙ্গে ২-২ গোলে ড্র করে বার্সেলোনার চেয়ে পিছিয়ে পড়েছে ১৩ পয়েন্টে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে রিয়াল শিরোপা জিতবে, সাম্প্রতিক ইতিহাস তা বলে না। অসহায় কণ্ঠে মরিনহো তাই বললেন, ‘এই প্রথম এমন পরিস্থিতিতে পড়লাম, যেখানে লক্ষ্য থেকে আমার দল অনেকটাই দূরে। ১৩ পয়েন্টের ব্যবধানটা অনেক বড়। আমাদের এখন প্রতিটি ম্যাচ খেলে যেতে হবে। কে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হলো, তা নিয়ে আমাদের চিন্তা করা ঠিক হবে না। আমাদের আরও শক্তিশালী হতে হবে। আমি এটা নিয়ে নাটক করতে চাই না, আমি এটাকে আমার জীবনের আরেকটা পর্যায় হিসেবেই দেখব। আগে আমি কখনো এত বেশি পয়েন্ট খোয়াইনি। কিন্তু মৌসুমটা যত ভালোভাবে শেষ করা সম্ভব সেই চেষ্টা চালিয়ে যাব এবং বাকি শিরোপাগুলোর জন্য লড়াই করব।’ ‘বাকি শিরোপাগুলো’ বলতে কোপা ডেল রে (কিংস কাপ) ও চ্যাম্পিয়নস লিগকেই বুঝিয়েছেন ক্যারিশম্যাটিক পর্তুগিজ কোচ। এএফপি।