আশা জাগিয়েও হারল জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনুস খানের দ্বিশতকই গড়ে দিয়েছে পাকিস্তানের জয়ের ভিত্তি। ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে এই ডানহাতি ব্যাটসম্যানের হাতে।
ইউনুস খানের দ্বিশতকই গড়ে দিয়েছে পাকিস্তানের জয়ের ভিত্তি। ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে এই ডানহাতি ব্যাটসম্যানের হাতে।

হারারে টেস্টের শুরুটা ভালোভাবেই করেছিল জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ৭৮ রানের লিড। এর পর দ্বিতীয় ইনিংসে ২৩ রানে পাকিস্তানের দ্বিতীয় উইকেট ফেলে দেওয়া। তখন নিশ্চয়ই বড় একটা অঘটনের স্বপ্নই দেখতে শুরু করেছিল জিম্বাবুয়ে। সেই স্বপ্নটাই পঞ্চম দিনের সকালে রূপান্তরিত হলো রীতিমতো দুঃস্বপ্নে। আজ লাঞ্চের আগেই অলআউট হয়ে গেল জিম্বাবুয়ে। ২২১ রানের বড় জয় দিয়েই দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করল সফরকারী পাকিস্তান।
দ্বিতীয় ইনিংসে ইউনিস খানের দ্বিশতকটাই গড়ে দিয়েছিল ব্যবধানটা। ব্যাটিং ধসের মুখে চওড়া হয়ে উঠেছিল তাঁর ব্যাট। দলকে বাঁচিয়ে দিয়েছেন তিনিই। তাঁর সৌজন্যেই জিম্বাবুয়ের সামনে ৩৪২ রানের কঠিন একটা লক্ষ্য বেঁধে দিয়েছিল পাকিস্তান। জিম্বাবুয়ের জন্য জয়টা তখনই প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তবে প্রথম ইনিংসের মতো ব্যাট করতে পারলে ম্যাচটা ড্র করে অন্তত লড়াইটা সার্থক করতে পারত।
কিন্তু কোথায় কী, আগের দিনে এক উইকেট হারানো জিম্বাবুয়ে আজ ৩৯.১ ওভারে মধ্যেই হারিয়ে ফেলল বাকি নয়টি উইকেট। স্পিনারদের স্বর্গভূমি হয়ে ওঠা হারারের শেষ দিনের উইকেটে আসল সর্বনাশটা পাকিস্তানের দুই স্পিনারই করেছেন। ১০ উইকেটের আটটিই নিয়েছেন সাঈদ আজমল আর আবদুর রেহমান। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ২৮ করেছেন এলটন চিগুম্বুরা। এখান থেকেই বোঝা যায় অন্য ব্যাটসম্যানদের পরিণতি। ছয়জন ব্যাটসম্যানই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা।
পাকিস্তানের পক্ষে মাত্র ২৩ রানের বিনিময়ে চারটি উইকেট পেয়েছেন আজমল। রেহমানও পেয়েছেন চারটি উইকেট। বাকি দুটি গেছে জুনায়েদ খানের ঝুলিতে। অবশ্য কোনো বোলার নয়, চতুর্থ ডাবল সেঞ্চুরিটির জন্য ম্যাচ সেরা হয়েছেন ইউনিস।