আশা জাগিয়েও ব্যাটিং-ব্যর্থতা

ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করার সময় আশা জাগছিল। বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ অভিষেক স্মরণীয়ই হয়ে যেতে পারে!
ইনিংসটা এগোতেই ক্যারিবীয়রা উইকেটে যাচ্ছেন আর ক্যাচ দিয়ে ফিরছেন। বাংলাদেশের ফিল্ডারদের হাত থেকে ক্যাচ পড়ল মাত্র একটা, অধিনায়ক সালমা খাতুনের হাত থেকে। তবে ওই ব্যাটার পরের বলেই আউট। ভরা গ্যালারি তখন বাংলাদেশ দলের দ্বাদশ ব্যক্তি। ওয়েস্ট ইন্ডিজ ১১৫ রানে অলআউট!
বাংলাদেশের মেয়েরা ৮০-৮২ রানে আটকে যাবে না তো! সম্প্রতি আশির আশপাশে ঘোরাফেরা করছে বাংলাদেশের ইনিংসগুলো। সেই ধারাবাহিকতা ধরে রেখে কালও ৭৯। অধিনায়ক সালমা খাতুন আগের দিন বলেছিলেন, ‘আমাদের বোলিং, ফিল্ডিং ঠিক আছে। ব্যাটিংই শুধু ভালো হচ্ছে না।’ তাঁর শঙ্কাটা অক্ষরে অক্ষরে বাস্তব।
৩৬ রানের হার টি-টোয়েন্টিতে বেশ বড়। তবে ভেবে দেখতে হবে এই ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবারের সেমিফাইনালিস্ট, ৫০ ওভারের বিশ্বকাপে রানার্সআপ। বাংলাদেশের বিপক্ষে আগের একমাত্র ম্যাচে জিতেছে ৯ উইকেটে। ওদের ১১৫ রানে বেঁধে রেখেই তো হাততালিই পান সালমারা। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক মেরিসা আগিলেরা করতালি দিলেনও, ‘বাংলাদেশের বোলিং-ফিল্ডিংয়ে আমরা অভিভূত। দারুণ করেছে ওরা। তবে আমাদের নিজেদের ওপর আস্থা ছিল।’
জয়ের জন্য ৫ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩১ বলে ৪৪ রান। বাংলাদেশ ভেঙে পড়ল তাসের ঘরের মতো। রুমানা ইনিংস-সর্বোচ্চ ২৬ করে ফিরতেই মড়ক শুরু, খানিক বাদে লতা, পান্না। তিনজনই ৩০ গজের ভেতর উঁচু ক্যাচ তুলে দিলেন একই জায়গায়। ৭২-৭৯ রানের মধ্যে ২১ বলের ব্যবধানে নেই বাংলাদেশের শেষ ৬ উইকেট।
কেন এভাবে ভেঙে পড়া? সংবাদ সম্মেলনে অধিনায়ক সালমার ব্যাখ্যা, ‘১১৫ রান তাড়া করা সহজ ছিল। ব্যাটিংই আমাদের সমস্যা। সেটাই হলো। পাওয়ার প্লে কাজে লাগাতে পারিনি (পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশ করল ২ উইকেটে ১৯)।’
১০.৪ ওভারে দলীয় ৪৪ রানে সালমা (১৭ বলে ১৭, ২ চার) আউট হলেও জয়ের সুযোগ দেখছিলেন অনেকে। হাতে ৬ উইকেট। কিন্তু রুমানার বিদায়ে কার্যত ম্যাচ শেষ। সালমাও সেটিই বললেন, ‘রুমানা আউট হওয়ার পর মনে হয়নি আমরা জিতব। মেরে খেলতে গিয়েই সবাই আউট।’
ওয়েস্ট ইন্ডিজের মেয়েরাই মেরে খেলায় বেশি পারদর্শী। ৩ ছয়, ১০ চার। ছক্কাবিহীন বাংলাদেশের ইনিংসে চার আটটি। চারটিই মেরেছেন পাঁচে নামা রুমানা। তার আগে ‘মেয়েদের ক্রিস গেইল’খ্যাত ডিয়েন্ড্রা ডটিন এক ছয় তিন চারে ৩৪ বলে ৩৪ করে আলো কেড়েছেন। তবে ম্যাচসেরা উদ্বোধনী ব্যাটার কুইন্টাইন, ১১ রানের সঙ্গে ৫ রানে ৩ উইকেট।
কুইন্টাইনের কৃতিত্ব আছে। তবে বাংলাদেশের ব্যাটিং ভালো হলে যে এই ম্যাচ অন্য রকম হয়!
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১১৫ (ডটিন ৩৪, কিং ২০; সালমা ২/১১, জাহানারা ০/১২, ফাহিমা ২/২৭, রুমানা ১/২৩, খাদিজা ৩/২৪, পান্না ০/১৮)। বাংলাদেশ: ১৭.৩ ওভারে ৭৯ (আয়েশা ১০, সানজিদা ৮, সালমা ১৭, ফারজানা ২, রুমানা ২৬, নুজহাত ৬, লতা ৩, পান্না ১, ফাহিমা ১, জাহানারা ২*, খাদিজা ০; কুইন্টাইন ৩/৫, স্মার্ট ২/৯, আনিসা ২/২২, সেলম্যান ১/১৩)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সাকুয়ানা কুইন্টাইন