আশা জাগিয়েও ‘এ’ দলের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিততে হলে করতে হবে ২৩৩ রান। ম্যাচের বাকি তখনো প্রায় ৬০ ওভার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম বেসরকারি টেস্টে পরশু সফরকারী বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ইনিংসটা শুরু হয় খুবই বাজেভাবে। ৩০ রানেই ফিরে যান দুই ওপেনার জুনায়েদ সিদ্দিক ও শুভাগত হোম। ম্যাচ জেতার আশা শেষ ওখানেই। এরপর শুরু ম্যাচ বাঁচানোর লড়াই। শেষ পর্যন্ত বাংলাদেশ ‘এ’ ৫৩ ওভারে ৫ উইকেটে ১৩৫ রান তোলার পর দুই দলই ড্র মেনে নেয়।অ্যান্টিগায় ৫ নভেম্বর শুরু হওয়া ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ ‘এ’। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের দুই খেলোয়াড় আন্দ্রে রাসেল (১২৮) ও ড্যাঞ্জা হায়াতের (৯২) ব্যাটিংয়ে ৩৫৮ রান করে স্বাগতিক ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের পেসার কামরুল ইসলাম ও বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ ৪টি করে উইকেট নেন।এরপর ব্যাট করতে নেমে পঞ্চম উইকেটে মমিনুল হক (১৫০) ও নাসির হোসেনের (১৩৪) ২৫৯ রানের জুটিতে বাংলাদেশ ‘এ’ দল করে ৪২২ রান। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে বাঁহাতি মমিনুলের এটাই প্রথম সেঞ্চুরি। তাঁর ২২৩ বলের ইনিংসে ছিল ২০টি চার ও ১টি ছয়। বাংলাদেশ ‘এ’কে ৬৪ রানের লিড এনে দিতে উইকেটকিপার মিঠুন আলীর ৫২ রানের অবদানও কম নয়। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল দ্বিতীয় ইনিংসে করে ২৯৬ রান। সর্বোচ্চ ১২৭ রান করেন এনক্রুমা বনার। প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া সোহরাওয়ার্দী শুভ এবার নিয়েছেন ৮১ রানে ৫ উইকেট। আগামী পরশু সেন্ট লুসিয়াতে শুরু হবে দ্বিতীয় বেসরকারি টেস্ট। সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ ‘এ’: ৯৪.৪ ওভারে ৩৫৮ (রাসেল ১২৮, হায়াট ৯২, কার্লোস ব্রাফেট ৬২, বনার ৪৩; কামরুল ৪/৫৪, সোহরাওয়ার্দী ৪/১০৭, রবিউল ১/৪৯) ও ৮৬ ওভারে ২৯৬ (বনার ১২৭, কার্টার ৪৬, রাসেল ৩০; সোহরাওয়ার্দী ৫/৮১, রবিউল ৩/৪৮, নাসির ২/৭৪)। বাংলাদেশ ‘এ’: ১১০.১ ওভারে ৪২২ (মমিনুল ১৫০, নাসির ১৩৪, মিঠুন ৫২; গ্যাব্রিয়েল ৪/৬২, প্যাসকাল ৩/৫৬, রাসেল ৩/৭৪) ও ৫৩ ওভারে ১৩৫/৫ (জহুরুল ৪১, রকিবুল ২৭, নাসির ২০*; রাসেল ২/২৬, প্যাসকাল ২/৩৬, গ্যাব্রিয়েল ১/২৫)।