আশা দিয়ে শুরু হতাশায় শেষ
মুখ ভরে পানি নিলেন। ফুলে উঠল গালজোড়া। পরে কুলি করে ফেলে দিলেন পানি। এটাই রায়ান লোকিটর হতাশার বহিঃপ্রকাশ। নিজের হতাশা তিনি এভাবেই প্রকাশ করেন। পরশু সুইমিংপুলে তাঁকে জড়িয়ে ধরলেন যখন মাইকেল ফেল্প্স; তখনো লোকিটর মুখ ভার। ভদ্রতা করে হলেও হেসে হেসে ফেল্প্সকে অভিনন্দন জানানো উচিত ছিল। জলের মধ্যে গলা পর্যন্ত ডুবে থাকা লোকিট হাসলেন শুকনো একটা হাসি! সাদা চোখে দেখলে লোকিটর এত হতাশার কারণটা ঠিক বোঝা যাবে না। লন্ডন অলিম্পিক তো ভালোই কেটেছে তাঁর। পাঁচটি ইভেন্টে সাঁতরেছেন। দুটি সোনা, দুটি রুপা, একটি ব্রোঞ্জ। খালি হাতে কোনোটাতেই ফেরেননি। পাঁচটি মেডেল গলায় ঝুলিয়েই দেশে ফিরবেন। কিন্তু এসবই আপ্ত বাক্য। লোকিটকে সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। বেইজিং অলিম্পিক ছিল ফেল্পেসর। এবারের অলিম্পিক হওয়ার কথা ছিল লোকিটর। পাঁচে-পাঁচটি সোনা পেলে নিশ্চয়ই হতো। সেখানে লোকিট ব্যর্থ বাকি তিনটিতেই।এই হতাশা লুকোতেও পারেননি। ২৮ বছর বয়সী এই সাঁতারু তাঁর ওয়েবসাইটে বলেছেন, ‘গত চার বছর শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে পরিশ্রম করে গেছি। নিজের মধ্যেই একটা অনুভূতি তৈরি হয়েছিল, এবারের অলিম্পিকটা আমার হতে যাচ্ছে। সবগুলো ইভেন্টেই সোনা জিততে চেয়েছিলাম। কিন্তু এখন তো আপনারা জানেনই, আমি পারিনি।’ ফেল্পেসর সঙ্গে তাঁর দুটি দ্বৈরথ ছিল। ৪০০ ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলে। প্রথমটিতে লোকিট জিতে আশার সূর্যোদয় ঘটিয়েছিলেন। ৪০০ মিটার মিডলেতে ফেল্প্স হয়েছিলেন চতুর্থ! এভাবেই শুরু হয়েছিল অলিম্পিক সাঁতার। তখন সত্যিই মনে হচ্ছিল, এবারে মুকুটটা ফেল্প্স বুঝি সতীর্থ-বন্ধু লোকিটর মাথায় তুলে দিতে চলেছেন। কিন্তু শেষটা হলো একেবারেই উল্টো। দুর্দান্ত সাঁতরে ফেল্প্স হলেন প্রথম, লোকিট দ্বিতীয়।আর একটি ব্যক্তিগত সোনাও জেতেননি লোকিট। ২০০ মিটার মিডলেতে ফেল্পেসর কাছে হারার আগেই ২০০ মিটার ব্যাকস্ট্রোকে হেরেছেন আরেক স্বদেশি টাইলার ক্লারির কাছে। এই ইভেন্টে রুপাও নয়, জিতেছেন ব্রোঞ্জ। আধঘণ্টার ব্যবধানে এই দুই পরাজয়। বাকি দুটি পদক দলগত। ৪–১০০ মিটার ফ্রি-স্টাইলে জিতেছেন সোনা। ৪–১০০ মিটার ফ্রি-স্টাইলে রুপা। হতাশ লোকিট বলেছেন, ‘আমাকে এটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। এই ভুল থেকে শিক্ষা নিতে হবে। আগামী চার বছরে আর সেই ভুল করা যাবে না।’কিন্তু কেন পারলেন না লোকিট? গত বছর সাংহাই বিশ্ব চ্যাম্পিয়নশিপে তো ঠিকই পাঁচে পাঁচ করেছিলেন। জিতেছিলেন সবগুলো সোনা। তবে কি প্রত্যাশার চাপে এবার ভেঙে পড়েছেন? লোকিট দিলেন অন্য রকম ব্যাখ্যা, ‘এমন নয় আমি ক্লান্ত হয়ে পড়েছি। মাত্রাতিরিক্ত চাপও কোনো কারণ নয়। আসলে অলিম্পিকে আসার যে উত্তেজনা, সেটাই এর কারণ বলে আমার ধারণা।’ রয়টার্স।