আশা দেখছেন না ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক আর ঝামেলার জঞ্জাল সরাতেই তিনি আসছেন। অথচ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব নিতে গিয়েই ঝামেলার মুখে পড়েছেন জাকা আশরাফ। এক সপ্তাহ পেরিয়ে গেছে পিসিবির নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষিত হয়েছে তাঁর নাম। কিন্তু এখনো দায়িত্ব বুঝে পাননি। বরং দেখা দিয়েছিল নতুন ঝামেলা। তাঁকে পিসিবি চেয়ারম্যান ঘোষণা করে নোটিশ দেওয়ার কথা পাকিস্তানের ক্রীড়া মন্ত্রণালয়ের। কিন্তু আপাতত এই ক্রীড়া মন্ত্রণালয়েরই সব কাজ স্থগিত হয়ে আছে। তা ছাড়া আশরাফ এখনো সরকারি মালিকানাধীন একটি ব্যাংকের প্রধান। পিসিবির দায়িত্ব নিতে হলে আগে এই দায়িত্ব ছেড়ে আসতে হবে।নানা জটিলতা। তবে সব জটিলতা ধীরে ধীরে কাটছে। ব্যাংকটির দায়িত্ব ছেড়ে দিয়েছেন আশরাফ। আর ক্রীড়া মন্ত্রণালয়ের পরিবর্তে সরকারের পক্ষ থেকেই দেওয়া হচ্ছে নোটিশ। এর মধ্যে নতুন কোনো ঝামেলা না দেখা দিলে আগামীকাল থেকেই পিসিবি প্রধানের দায়িত্ব নেবেন আশরাফ।তবে দায়িত্ব নেওয়ার আগে আরও একটি বিষয় নিয়ে আশরাফ মনঃক্ষুণ্ন। এখনো নাকি পিসিবির পক্ষ থেকে তাঁর সঙ্গে কেউ যোগাযোগই করেনি! একটি সূত্র জানিয়েছেন, ‘জাকা প্রোটোকলের ব্যাপারে খুবই সাবধানী। বোর্ডের পক্ষ থেকে কেউ তাঁর সঙ্গে এখনো যোগাযোগ না করায় তিনি বিস্মিত।’এসব দেখেই হয়তো আশরাফের নেতৃত্বেও আশাবাদী হতে পারছেন না ইমরান খান। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলছেন, ‘পিসিবি সব সময়ই কোনো না কোনো ঝামেলার মধ্যে ছিল। এখন সেটি চরম মাত্রায় পৌঁছেছে। ক্রিকেটের জন্য একটা ভালো প্রাতিষ্ঠানিক চরিত্র দরকার। যতক্ষণ পর্যন্ত না আমরা সেটি পাচ্ছি, এ ধরনের সমস্যা হতেই থাকবে। আর পিসিবি কখনোই প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। কারণ এ দেশে পিসিবি প্রধান নিয়োগ করেন রাষ্ট্রপতি, যিনি ক্রিকেটের ক-ও বোঝেন না।’এখনকার দুঁদে এই রাজনীতিবিদ পিসিবিতে স্বচ্ছ নির্বাচন চান, ‘আসলে আমাদের সমাজের বর্তমান অবস্থাই প্রতিফলিত হচ্ছে বোর্ডেও। আমাদের এমন একজন লাগবে যে আগে এসব বিষয় ঠিক করবে, এরপর একটি স্বচ্ছ ও স্বাধীন নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধির হাতে পিসিবির দায়িত্ব দিতে হবে। বাকি বিশ্বে এভাবেই ক্রিকেটটা চলে।’ ওয়েবসাইট।