আশা দেখছেন ফন গাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছরে সবকিছু কীভাবেই না পাল্টে গেল! গত বিশ্বকাপে শিরোপা থেকে নিঃশ্বাসছোঁয়া দূরত্বে থেকে যারা ফিরে এসেছে, এবার প্রথম পাঁচ ফেবারিটদের মধ্যেও কেউ নিচ্ছে না তাদের নাম। তবে ডাচ কোচ লুইস ফন গাল আশাবাদী, গতবারের ফাইনাল-অভিযানের দুই কুশীলব স্নাইডার-রোবেন এবারও তাঁদের ঝলক দেখাবেন।

পর্তুগালের লাগোসে চলছে ডাচদের বিশ্বকাপ প্রস্তুতি। সেখানে দলের সার্বিক অবস্থায় সন্তুষ্টি ঝরেছে ফন গালের কণ্ঠে, ‘খেলোয়াড়েরা দেখাচ্ছে তারা শীর্ষ মানের। নিজেদের ভেতর বোঝাপড়াটা ভালো হচ্ছে। সব খেলোয়াড়ই নিজের সেরাটা ঢেলে দিচ্ছে। আমাদের সংহতি ধীরে ধীরে বাড়ছে।’

গত ইউরোতে এই সংহতির অভাবই তো ডুবিয়েছে কমলাদের! ফন পার্সি-স্নাইডারদের হল্যান্ড বাদ পড়ে গিয়েছিল প্রথম রাউন্ড থেকেই, তাও সবগুলো ম্যাচ হেরেই। দলে যে ঐক্যের অভাব আছে, সেটা তখনই বোঝা গিয়েছিল। ফন গাল সেটা কতটুকু ফিরিয়ে আনতে পেরেছেন, তা সময় হলেই জানা যাবে। তবে ফন গাল আশাবাদী, ‘সবাই টের পাচ্ছে, আমরা ধীরে ধীরে দল হয়ে উঠছি। খেলোয়াড়দের অভিব্যক্তি থেকেই সেটা বোঝা যাচ্ছে।’

গত বিশ্বকাপে আলো ছড়িয়েছিলেন স্নাইডার। কিন্তু সময়ের সঙ্গে নিজের ধার হারিয়েছেন অনেকটাই। তার পরও গ্যালাতাসারাই মিডফিল্ডারকে নিয়ে আশাবাদী ফন গাল, ‘সে নিজের সর্বোচ্চ অবস্থায় অনুশীলন ক্যাম্পে এসেছে।’ উচ্ছ্বাস ঝরেছে রোবেনকে নিয়েও, ‘সে যেভাবে নিজের যত্ন নেয়, সেটা আমি খুব কম খেলোয়াড়ের মধ্যেই দেখেছি।’

স্পেন, চিলি, অস্ট্রেলিয়ার সঙ্গে এক গ্রুপে পড়েছে ডাচরা। রোবেন, স্নাইডার, ফন পার্সিদের তো জ্বলে উঠতেই হবে! ওয়েবসাইট।