আশা দেখেন না কলিংউড
‘বিশ্বকাপ’ ইংল্যান্ড জিতেছে একটাই। সেটাও তাঁরই নেতৃত্বে। সেই পল কলিংউড এখন স্রেফ দর্শক! দলের বাইরে থেকেই দেখছেন ইংল্যান্ড দলের সাফল্যের জয়যাত্রা। জানুয়ারিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আরও বেশি মনোযোগ দিতে। কিন্তু বর্তমান দলটি এতটাই দুর্দান্ত খেলছে, জাতীয় দলে ফেরার আশা করেন না খোদ কলিংউডই। অনেকটা নিভৃতেই যেন শেষ হয়ে গেল এই ইংলিশ অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ার।‘সত্যি বলতে কি, আমি এখন বেশ বাস্তববাদী। আমরা সবাই এখন জানি, সম্ভবত ইংল্যান্ডের হয়ে খেলার আশা আমার আর নেই’—বলেছেন ওয়ানডেতে ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি (৫০৯২) রানের মালিক। ডারহামের হয়ে ভালোই খেলছেন। কিন্তু ভালো খেললেই হবে না। কলিংউডই বলছেন, তাঁকে করে দেখাতে হবে অসাধারণ কিছু, ‘ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি থেকে আমি অবসর নিইনি। তবে বাস্তবতা বিবেচনা করছে, অসাধারণ কিছু করলেই হয়তো আমাকে আমার জাতীয় দলে ডাকা হবে।’আপাতত সেই সম্ভাবনা নেই বলেই অবসরের ভাবনা পেয়ে বসেছে এই ৩৫ বছর বয়সীকে, ‘এবার শীতেই হয়তো আমি পুরোপুরি অবসরের ঘোষণা দিয়ে দেব। তবে তাড়াহুড়ো করতে চাই না। ভেবেচিন্তে ঠিক সময়েই টেস্ট থেকে অবসর নিয়েছি। ওয়ানডে আর টি-টোয়েন্টিতেও ঠিক সময়েই অবসর নিতে চাই।’ ওয়েবসাইট।ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ডটাও তাঁর। তবে সেটা হয়তো ১৯৭ ম্যাচেই থেমে যাবে। ইংল্যান্ডের নির্বাচকেরা এখনই আগামী বিশ্বকাপ মাথায় রেখে দল গড়ছেন। ফলে ভবিষ্যৎ পরিকল্পনায় তাঁর জায়গা নেই। আপাতত তাই ডারহামের হয়ে খেলে যাওয়ার পরিকল্পনা কলিংউডের। কাউন্টি দলটির সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তিও করেছেন।