আশা দেখেন না পিটারস
ইংল্যান্ড, ইংল্যান্ড একটা স্লোগান উঠেছে এবার। কিন্তু সেই স্লোগানে কণ্ঠ মেলাচ্ছেন না খোদ মার্টিন পিটারস। ১৯৬৬ বিশ্বকাপজয়ী দলের দ্বিতীয় কনিষ্ট খেলোয়াড় ছিলেন। ফাইনালে জার্মানির বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যাচটায় দ্বিতীয় গোলটি করেছিলেন এই সাবেক মিডফিল্ডার। তাঁদের সেই স্বর্ণোজ্জ্বল কীর্তির পর আরও একটি শিরোপার স্বপ্নে এবার যখন আবারও বিভোর ইংলিশরা, সেই পিটারস তখন বলছেন, এবার ইংল্যান্ডের জেতার সম্ভাবনা খুবই কম!ওয়েইন রুনির দুর্দান্ত ফর্মে আশার বসতি ইংলিশদের। কিন্তু পিটারসের চোখে এটা একদিক দিয়ে ইংল্যান্ডের জন্য ভয়েরও কারণ। রুনির ওপর অতিনির্ভরশীল হয়ে পড়লে একে তো সেটি এই তরুণ স্ট্রাইকারের জন্য একটা মানসিক চাপ হয়ে দাঁড়াবে; তা ছাড়া প্রতিপক্ষ রুনিকে আটকে ফেললেই সর্বনাশ হয়ে যাবে ইংল্যান্ডের।তবে আক্রমণভাগের চেয়ে পিটারসকে বেশি ভাবাচ্ছে ইংল্যান্ডের রক্ষণভাগ। রক্ষণের মূল সৈনিক জন টেরি উটকো সব ঝামেলায় জড়িয়ে অধিনায়কত্ব হারালেন। ওয়েইন ব্রিজ তো অবসর নিয়ে নিলের জাতীয় দল থেকে। আর অ্যাশলি কোল শরীর-মনে চোট নিয়ে তিন মাসের জন্য মাঠের বাইরে।পিটারস দুশ্চিন্তায় আছেন গোলপোস্টের নিচের জায়গাটি নিয়েও। সব মিলে তাঁর মন্তব্য, ‘আমার ধারণা, এটা (বিশ্বকাপ জেতা) কঠিনই হবে। বেশ কিছু সমস্যা রয়ে গেছে...বিশেষ করে রক্ষণভাগে। আমাদের তো আর এখন গর্ডন ব্যাংকসের মতো গোলরক্ষক নেই। ডেভিড জেমসের কাছ থেকে জায়গাটা রবার্ট গ্রিন নেবে বলেই আমার ধারণা। রাইট ব্যাক গ্লেন জনসন ইনজুরিতে। অ্যাশলি কোল অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠের বাইরে। ওয়েন ব্রিজকে নিয়েও সমস্যা আছে। রিও ফার্ডিন্যান্ডেরও পিঠে সমস্যা।’বিশ্বকাপ যখন কড়া নাড়ছে দুয়ারে, সেই সময় ইংল্যান্ডের যাবতীয় সমস্যা এভাবে রক্ষণভাগের ওপর আছর করায় পিটারস বেশ হতাশ, ‘সব মিলে কিছুটা অনিশ্চয়তা আছে।’ আক্রমণভাগ নিয়েও নিজের দুশ্চিন্তার কথা জানালেন। বিশেষ করে অ্যাস্টন ভিলার স্ট্রাইকার এমিল হেসস্কির হেঁচকি তোলা পারফরম্যান্সে পিটারস যেন বিরক্তই, ‘ও ৫০টার মতো ম্যাচ খেলে ফেলেছে জাতীয় দলের হয়ে। আর গোল করেছে মাত্র সাতটি। সেন্টার-ফরোয়ার্ড হিসেবে আপনার বেশ কিছু গোল করাই উচিত, তা-ই নয় কি?’তা হলে কি এই দল নিয়ে আশার কোনো জায়গাই দেখেন না ৬৬ বছর বয়সী? দেখেন! একটা জায়গায় ’৬৬ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে দিচ্ছে তাঁকে—কোচ। ফ্যাবিও ক্যাপেলোর মাঝে বিশ্বকাপজয়ী কোচের ছায়া খুঁজে পান পিটারস, ‘যেভাবে কাজ করছে তাতে ও আমাকে আলফ রামসের কথা মনে করিয়ে দিচ্ছে। কোচের দায়িত্বে এর আগে যে চার-পাঁচজন ছিল, তাদের চেয়ে ও অনেক ভালো করছে।’ ওয়েবসাইট।