আশা নিয়েই ইংল্যান্ড-যাত্রা
অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়কত্ব করেছেন আগে। আজ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হয়ে যাচ্ছেন ইংল্যান্ড সফরেও। এর আগে দুবার ভারতে গিয়ে ক্রিকেট খেললেও মেহেদী হাসান মিরাজের কাছে এবারের সফরটা অন্য রকম। ইংল্যান্ড মানেই যে মাঠের বাইরেও আরও অনেক কিছুর হাতছানি!
২৫ দিনের সফরে আজই দেশ ছাড়বে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তার আগে দলের খেলোয়াড়-কর্মকর্তারা কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে শুভেচ্ছা নিয়ে গেলেন বিসিবি সভাপতি নাজমুল হাসানেরও। তারই এক ফাঁকে দলের অধিনায়ক মিরাজ বললেন, ‘ইংল্যান্ড চমৎকার একটা দেশ। আমরা মূলত খেলতে যাচ্ছি, তবে চেষ্টা করব যতটা সম্ভব দেশটা ঘুরে দেখতেও। লন্ডনে যাওয়ার ইচ্ছা আছে। জাদুঘর, রাজপ্রাসাদসহ সুন্দর সুন্দর জায়গাগুলো দেখব।’
৫ আগস্ট থেকে শুরু ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের তরুণদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল। লাফবরোর হাসলগ্রেভ মাঠে প্রথম দিন পাকিস্তানের সঙ্গে খেলবে বাংলাদেশ। এরপর ৭ আগস্ট ইংল্যান্ড এবং ৯ ও ১১ আগস্ট পাকিস্তানের বিপক্ষে শেষ দুটি ম্যাচ। বাংলাদেশের ছেলেরা ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুটি ম্যাচ খেলবে ১২ ও ১৫ আগস্ট। ট্রেন্ট ব্রিজে সিরিজের ফাইনাল ১৯ আগস্ট।
অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এর আগে বাংলাদেশ ভালোই করেছে। তুলনায় এবারের দলটার কাছে প্রত্যাশা একটু কম। বড় সাফল্যের চেয়ে ইংল্যান্ডের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অর্জনটাই বেশি কাঙ্ক্ষিত। দলের ম্যানেজার ও হেড কোচ রিচার্ড ম্যাকিন্স জোর দিচ্ছেন সেটার ওপরই, ‘সম্পূর্ণ ভিন্ন একটা দেশে এ ধরনের সফর ক্রিকেট উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। দ্রুত শেখা এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাই খেলোয়াড়দের আলাদা করে দেবে এখানে।’ এবারের ইংলিশ গ্রীষ্মটা যথেষ্টই উষ্ণ বলে উইকেটে বলের মুভমেন্ট অত বেশি হবে না বলে ধারণা অস্ট্রেলিয়ান এই কোচের। তার পরও বল যেটুকু এদিক-ওদিক করবে, সেটাকেও বাংলাদেশের তরুণ ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। তবে বর্তমান অনূর্ধ্ব-১৯ দলে ভবিষ্যৎ সাকিব-তামিম-মুশফিকদের মতো ভবিষ্যৎ প্রতিভা নেই—এমন ধারণা সমর্থন করেন না ম্যাকিন্স, ‘এদের মধ্যেও ভালো কিছু খেলোয়াড় আছে এবং আমার বিশ্বাস তারা সাকিব, তামিম বা মুশফিকের চেয়েও ভালো করবে। র্যাঙ্কিংয়ের ওপরের দিকে উঠতে হলে আমাদের এখন টেন্ডুলকার, পন্টিং, ক্যালিস, সাঙ্গাকারাদের মতো খেলোয়াড় তৈরি করতে হবে।’
অধিনায়ক মিরাজ আজ বড় আশা নিয়েই উঠছেন ইংল্যান্ডের বিমানে, ‘ওখানে ভালো খেলে ভালো ফল নিয়ে আসতে পারলেই বেশি ভালো লাগবে।’ ভালো ফলাফল বলতে সিরিজ জয়টাকেই বুঝিয়েছেন অধিনায়ক, ‘প্রথম লক্ষ্য সিরিজ জেতা। একই সঙ্গে এই সফর থেকে আমরা অনেক কিছু শিখতেও পারব।’
প্রস্তুতিপর্বে স্কিল ট্রেনিংয়ের পাশাপাশি ক্রিকেটারদের ফিটনেসের ওপরও জোর দেওয়া হয়েছে যথেষ্ট। ইংল্যান্ডে এটা দলকে বাড়তি সুবিধা দেবে বলে আশা অধিনায়কের। সঙ্গে দলের স্পিন শক্তিও নির্ভরতা দিচ্ছে যথেষ্ট। তবে মিরাজ তাকিয়ে পেস আক্রমণের দিকেও, ‘সবাই বাংলাদেশের স্পিনারদের কথাই জানে। তবে আমাদের পেস আক্রমণও যথেষ্ট ভালো। দলের চার পেসার আবু হায়দার, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান ও রিফাত প্রধানের সামর্থ্যে আস্থা আছে আমার।’