আশা-নিরাশায় সুয়ারেজ-ফ্যালকাও

সব দলেই মূল ভরসার জায়গায় থাকেন একজন-দুজন৷ কেউ কেউ আবার হয়ে ওঠেন ভরসার চেয়েও বেশি কিছু৷ এই যেমন লুইস সুয়ারেজ ও রাদামেল ফ্যালকাও৷ এই মুহূর্তে এই দুজন দাঁড়িয়ে যেন নিজ দলের বিশ্বকাপ সম্ভাবনা আর শঙ্কার মাঝখানে৷ তাঁরা ফিট হয়ে উঠলে দল নিয়ে আশায় বুক বাঁধবে দেশের মানুষ, না পারলে আশার বেলুন চুপসে যাবে বিশ্বকাপের আগেই৷ আপাতত শঙ্কার চেয়ে আশার পাল্লাই ভারী৷ সুয়ারেজ নিজেই বলছেন, যেকোনো মূল্যে খেলবেন বিশ্বকাপ৷ আর ফ্যালকাওয়ের কোচ হোসে পেকারম্যান জানিয়ে দিয়েছেন, ফ্যালকাওকে পেতে অপেক্ষা করবেন শেষ মুহূর্ত পর্যন্ত৷
সুয়ারেজ চোট পেয়েছিলেন অনুশীলনে৷ বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের পর এখন চলছে পুনর্বাসন৷ অস্থির অপেক্ষায় দিন কাটছে গোটা উরুগুয়ের৷ সবাইকে খানিকটা স্বস্তি দিতেই যেন কাল টুইট করেছেন এই স্ট্রাইকার, ‘আমার স্বপ্ন এখনো অটুট, ওখানে (বিশ্বকাপে) আমি থাকবই৷’ ইংলিশ প্রিমিয়ার লিগে এবার ৩১ গোল করা স্ট্রাইকারকে নিয়ে আশাবাদী উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান উইলমার ভালদেজও৷ জানিয়েছেন, দুই সপ্তাহের মধ্যেই অনুশীলনে ফিরতে পারবেন সুয়ারেজ৷
জানুয়ারিতে হাঁটুর লিগামেন্টে চোট পেয়ে ছিটকে পড়া ফ্যালকাও কদিন আগেই ফিরেছেন অনুশীলনে৷ তবে কলম্বিয়া এখন

আর্জেন্টিনাতে প্রস্তুতি ক্যাম্পে থাকলেও ফ্যালকাও আছেন তাঁর ক্লাব মোনাকোতেই৷ সেখান থেকেই দিন তিনেক আগে বলেছিলেন, শিগগিরই নিশ্চিত করা যাবে তিনি বিশ্বকাপে যেতে পারবেন কি না৷ তবে দলের সেরা তারকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার ঘোষণা দিয়েছেন কলম্বিয়া কোচ হোসে পেকারম্যান, ‘ওর জন্য আমি শেষ দিন, শেষ ঘণ্টা, শেষ মিনিট পর্যন্ত
অপেক্ষা করব৷’
বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল দেওয়ার শেষ তারিখ ২ জুন৷ ফ্যালকাও অবশ্য আগেই জানিয়ে রেখেছেন, বিশ্বকাপে খেললেও শতভাগ ফিট হতে পারবেন না তত দিনে৷ ওয়েবসাইট৷