আশা নিয়ে লেবানন-যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়ের কক্ষ থেকে হাসতে হাসতে বেরোলেন অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য ও কোচ নিকোলা ইলিয়েভস্কি। দুজনের হাতেই লেবাননগামী ২০ সদস্যের খেলোয়াড় তালিকা। সিঁড়ি ভেঙে তৃতীয় তলার সংবাদ সম্মেলনকক্ষের দিকে যেতে থাকলেন তাঁরা। বাংলাদেশ ফুটবল দলও তো সিঁড়ি ভেঙে ওপরে ওঠার অপেক্ষায়! বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে লেবাননকে হারাতে পারলেই বাংলাদেশের ঠাঁই হবে এশিয়ার সেরা বিশে।বাংলাদেশ এ সুযোগটা কাজে লাগাতে উন্মুখ। আগামী পরশু বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচ খেলবে লেবাননে। ২৮ জুলাই ঢাকায় খেলবে হোম ম্যাচ। কাল রাত সাড়ে আটটায় বৈরুতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ। যাওয়ার আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক-কোচ দুজনই শুনিয়ে গেলেন আশার বাণী।ইলিয়েভস্কির কথা, ‘আমি খুবই আশাবাদী। ড্র বা হার নয়, আমি জিততে ভালোবাসি।’ মনের মতো করে দল গড়ার সময় পাননি এই মেসিডোনিয়ান। পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ আর সুপার কাপের ছয়টি ম্যাচ থেকে খেলোয়াড়দের পর্যবেক্ষণ করে এগোতে হচ্ছে তাঁকে। অবশ্য গত পাঁচ দিন বিকেএসপিতে কঠিন অনুশীলন করিয়েছেন খেলোয়াড়দের। টানা নয়, খেলোয়াড়দের ঝরঝরে রাখতে মাঝে ছুটি দিয়েছিলেন এক দিন।লেবানন সম্পর্কে ইলিয়েভস্কি খুব বেশি জানেন না, ‘লেবানন সম্পর্কে পরিষ্কার কিছু জানি না। তবে কিছুদিন আগে কুয়েতের বিপক্ষে খেলেছে ওরা। কুয়েত দলের কোচ আমার খুব ভালো বন্ধু। ওর কাছ থেকেই কিছুটা ধারণা নিয়েছি।’ লেবাননের গত তিন প্রস্তুতি ম্যাচের ফল দেখে আশাব্যঞ্জক হতেই পারে বাংলাদেশ। গত ২ জুলাই কুয়েতের কাছে লেবানন ০-৬ গোলে হারে। ৯ জুলাই ওমানের কাছে ১-০ এবং ১৭ জুলাই আরব আমিরাতের কাছে ২-৬ গোলে হেরেছে। র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে ১৪ ধাপ পিছিয়ে লেবানন। এত কিছুর পরও প্রতিপক্ষকে সমীহর চোখেই দেখছেন ইলিয়েভস্কি, ‘আমি ওদের খাটো করে দেখছি না। তবে প্রথম পাঁচ মিনিট পর্যবেক্ষণে রাখব লেবাননকে।’ লেবাননের জন্য নতুন করে ডাক পাওয়াদের মধ্যে সুজন, ওয়ালি ফয়সাল, প্রাণতোষ ও রবিনকে খেলানোর সম্ভাবনা রয়েছে বলে জানালেন।অধিনায়ক বিপ্লবের কণ্ঠেও ছিল আত্মবিশ্বাসের অনুরণন, ‘পাকিস্তানের বিপক্ষে যে দল খেলেছে তার চেয়ে এ দলটা অনেক ভালো। লেবাননে ভালো খেলতে চাই।’ ‘ভালো’র ব্যাখ্যাটাও দিলেন, ‘আমাদের লক্ষ্য গোল না খাওয়া। অন্তত ড্র করে ফিরতে চাই। আমাদের মাঠে ওদের হারানোর সব কৌশলই আমাদের জানা।’