আশা নেই বলেই বাংলাদেশের জন্য আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমাঞ্চ! শুধু মুখে বলছেন না, প্রতিটি পদক্ষেপেই মাইকেল ক্লার্ক বুঝিয়ে দিচ্ছেন, তিনি রোমাঞ্চিত। অস্ট্রেলিয়ার অনুশীলন পাঁচ মিনিট দেখলেই যে কেউ বুঝে ফেলবেন, এই দলের নেতা ক্লার্ক। আর তাঁর প্রতিপক্ষ অধিনায়ক? গত কিছুদিনে যা হয়েছে, তাতে রোমাঞ্চ-টোমাঞ্চ সব উধাও। সংবাদ সম্মেলনে কেমন যেন ম্রিয়মাণ সাকিব আল হাসান। কথাগুলো তাঁর মুখ থেকেই বের হচ্ছে। কিন্তু মনে হচ্ছে, যেন ভেসে আসছে কোনো সুদূর থেকে। বিশ্বকাপ দুই দলকেই দাঁড় করিয়েছে এই বাস্তবতায়!এই বাস্তবতা নিয়েই আজ শুরু হচ্ছে ‘অদ্ভুত’ এক সিরিজ। ‘অদ্ভুত’ অনেক কারণেই। সিরিজের সময়টাই একটু অদ্ভুত। বিশ্বকাপের স্মৃতি এখনো সজীব। চলছে সাফল্য-ব্যর্থতা, প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব-নিকাশ। চলছে পালাবদলের প্রক্রিয়াও। এসবের মধ্যেই আবার দুই দলকে নেমে পড়তে হচ্ছে মাঠে। এই সিরিজের পর অস্ট্রেলিয়ার পরবর্তী সিরিজ সেই আগস্টে, শ্রীলঙ্কায়। বাংলাদেশের পরবর্তী সিরিজ জিম্বাবুয়েতে, জুলাইয়ে। পরিবর্তন—ঢেলে সাজানো অনেক কিছুই থামিয়ে রাখা হয়েছে এই সিরিজটার জন্য। ওদিকে আবার শুরু হয়ে গেছে আইপিএল। পছন্দ করুন আর না-ই করুন, এর অস্তিত্ব এখন আর অস্বীকার করার উপায় নেই। কেউ স্বীকার করবেন না নিশ্চিত, কিন্তু ক্রিকেটারদের মনের কোনো এক কোণে আইপিএল না থেকে পারেই না।‘অদ্ভুত’ দুই দলের অবস্থার কারণেও। অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্যই সময়টা বড় অদ্ভুত। দীর্ঘদিন পর কোনো সিরিজ খেলতে নামছে, যেখানে তারা বিশ্ব চ্যাম্পিয়ন নয়। দীর্ঘদিন পর অস্ট্রেলিয়া অধিনায়ক দলে পাচ্ছেন একজন সাবেক অধিনায়ককে। দীর্ঘদিন পর তাঁদের জন্য অপেক্ষা করছে লম্বা এক বিরতি। এই সিরিজের পর প্রায় চার মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁদের ছুটি! এত লম্বা না হলেও ছুটি অপেক্ষা করছে বাংলাদেশের জন্যও। তবে এই সিরিজটায় সাকিবদের এমনিতেই অনেক নির্ভার থাকার কথা। চাপ থাকবে না, তা নয়। তবে বিশ্বকাপে যে প্রত্যাশার চাপ সামলাতে হয়েছে, এই সিরিজের চাপ তার কাছে ফুৎকারে উড়ে যাওয়ার কথা!তবে সিরিজ থেকে দুই দলের পাওয়ার আছে অনেক কিছুই। কিছুদিন আগে হলে এই লাইনটি চোখ কপালে তোলার জন্য যথেষ্ট ছিল, বাংলাদেশের বিপক্ষে সিরিজে অনেক কিছু পাওয়ার আছে অস্ট্রেলিয়ার! কিন্তু সময়ের বাস্তবতায় এটা আর ঠিক বিস্ময়কর নয়। বাংলাদেশের সঙ্গে জয়ে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার আক্ষেপ ঘোচাবে না কোনোমতেই। তবে এই সিরিজের দাপুটে জয় আত্মবিশ্বাস কিছুটা তো ফেরাবেই। নতুন অধিনায়ক মাইকেল ক্লার্ককে...।বাংলাদেশের জন্য এই সিরিজ গৌরব কিছুটা ফিরিয়ে আনার সিরিজ। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে একটি জয়ও বিশ্বকাপ দুঃখ ভুলিয়ে দিতে পারে কিছুটা হলেও। সাকিবও পাখির চোখ করলেন সেই একটি জয়কেই। সেটা সম্ভব কি না, তা নিয়েও আবার যথেষ্ট সন্দিহান মনে হলো বাংলাদেশ অধিনায়ককে। সিরিজের সম্ভাব্য ফলাফল নিয়ে বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বললেন, ‘ক্লিয়ার মাইন্ডে চিন্তা করলে তো মনে হবে ৩-০। তবে আমরা একটা ম্যাচ জেতার চেষ্টা করব। আমরা বিশ্বাস করি এবং আশা করি, একটা ম্যাচ আমরা জিততে পারব।’ বললেন বটে, কিন্তু কণ্ঠে কেমন যেন জোর নেই। একই প্রশ্ন খানিক পরে যখন এক অস্ট্রেলিয়ান সাংবাদিক করলেন, তখন সাকিবের উত্তর, ‘তিনটা ম্যাচেই জোর লড়াই হবে। আমি কোনো সংখ্যা ধরে বলতে চাই না আমরা জিতব কি না। কিন্তু এটা নিশ্চিতভাবেই একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে।’নিজেদের সামর্থ্য নিয়ে এই দ্বিধা অবশ্যই বিশ্বকাপের ‘অবদান’। প্রত্যাশা-প্রাপ্তির টানাপোড়েন এতটা হয়েছে যে স্বপ্ন দেখতেই ভয় পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। এর মধ্যে আবার অনাকাঙ্ক্ষিত এক ব্যাপারও দলের মনোযোগের জন্য যথেষ্ট মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাশরাফি বিন মুর্তজা এই সিরিজে খেলতে না চাইলেও বোর্ড থেকে চাপের ব্যাপারে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ খবর হলো, চাপের কারণে হোক বা স্বেচ্ছায়, মাশরাফি আছেন এই সিরিজে। আজ তাঁর খেলাও অনেকটা নিশ্চিত। তবে কতটা সন্তুষ্টচিত্তে মাঠে ফিরছেন সাবেক অধিনায়ক, এ নিয়ে প্রশ্ন থাকছেই। সে ক্ষেত্রে বাইরে থাকবেন রুবেল হোসেন। ১৪ জনের দল থেকে শুভাগত হোমের বাইরে থাকাটাও নিশ্চিত। সোহরাওয়ার্দী শুভ আর অলক কাপালির মধ্যে একজন খেলবেন একাদশে। সম্ভাবনা বেশি অলকেরই।অবসর নেওয়ার ‘হুমকি’ মাশরাফি দেননি। তবে খেললেও এই অবস্থায় খুব একটা ভালো করার সম্ভাবনা তাঁর কম থাকবে, এটি পরের ম্যাচে একাদশে থাকাটাকে করে তুলবে অনিশ্চিত। এরপর অস্ত্রোপচার আর অনিশ্চয়তা—সব মিলিয়ে হতাশা থেকেই মাশরাফির মুখে অমন কথা।মাশরাফির জন্য তো বটেই, দলের জন্যও তাঁকে নিয়ে টানাপোড়েন খুব একটা সুফল বয়ে আনবে না। অধিনায়ক সাকিব স্বীকার করলেন, সামান্য হলেও এসব বিষয় দলের মনোযোগ ব্যাহত করে। সব মিলিয়ে সিরিজ শুরুর আগে বাংলাদেশ শিবিরে ঠিক আত্মবিশ্বাসের ছায়া খুঁজে পাওয়া গেল না। তবে এত সব হতাশার মাঝেই আবার আছে আশার হাতছানি। কোনো যুক্তি, ব্যাখ্যা নেই। তবে ইতিহাস বলছে, যখন কোনো আশা থাকে না, তখনই কীভাবে কীভাবে যেন ভালো করে ফেলে বাংলাদেশ। এবারও তেমন কিছুর আশা করতে দোষ কোথায়!