আশা নয়, শুধু কাজের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমসকে সামনে রেখে নিবিড় অনুশীলনের জন্য আজ বিকেএসপি যাচ্ছে জাতীয় ফুটবল দল। এখানে মাসব্যাপী অনুশীলন শুরু হবে আগামীকাল থেকেফটোসাংবাদিকেরা এক লাইনে দাঁড় করানোর চেষ্টা করছেন জনা পনেরো খেলোয়াড়কে। এদিকে সাংবাদিকেরা ঘিরে ধরেছেন মোহাম্মদ সুজনকে। ভিড়ের মাঝখান থেকে সুজন একটু জোরে প্রশ্ন করলেন, ‘কী, শেখ জামালের ফটোসেশন হচ্ছে?’তা মনে হওয়াটা বিস্ময়কর কিছু না। ৩১ জন খেলোয়াড় জড়ো হলেন কাল বাফুফে ভবনে। তার মধ্যে ১৭ জনই নাকি বাংলাদেশ লিগে নতুন নামতে যাওয়া শেখ জামাল ধানমন্ডির সঙ্গে চুক্তি করে ফেলেছেন। ফলে কেউ এটাকে শেখ জামালের কোনো অনুষ্ঠান বলে ভুল করতেই পারেন।কিন্তু আসলে কোনো ক্লাবেরই অনুষ্ঠান নয়, কাল বাফুফে ভবনে ছিল অনূর্ধ্ব-২৩ দলের মোড়কে আসলে জাতীয় দলের খেলোয়াড়দের রিপোর্টিং। এশিয়ান গেমসের জন্য যে ৩২ জন খেলোয়াড়কে ডাকা হয়েছিল, তার ৩১ জনই কাল রিপোর্ট করেছেন। চোটের কারণে আসতে পারেননি শুধু মোবারক হোসেন।রিপোর্টিং ব্যাপারটা কাল একটু অন্যরকম হয়ে গেল। খেলোয়াড়-কোচ-কর্মকর্তা রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের জন্য ছোট্ট একটা সংবাদ সম্মেলনেরই আয়োজন করে ফেলা হলো। তাতে এশিয়ান গেমসে দলের সম্ভাবনা নিয়ে কোচ-কর্মকর্তারা স্বভাবতই কেউ বড় আশার কথা বলতে পারেননি। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান বাদল রায় বিকেএসপিতে মাসব্যাপী এই অনুশীলনের পরিকল্পনাটা জানিয়ে দিলেন। কোচ সাইফুল বারীর নেতৃত্বে আজ দুপুরে বিকেএসপিতে চলে যাওয়ার কথা দলের। সেখানে আগামীকাল থেকে শুরু হবে নিবিড় অনুশীলন। চলবে ২০ সেপ্টেম্বর, মানে দলবদলের আগ পর্যন্ত। বাদল রায় বললেন, ক্লাবগুলো চাইলে এবার বিকেএসপিতে বসেই ক্যাম্পে থাকা খেলোয়াড়দের দলবদল সেরে ফেলতে পারবে। ২০ সেপ্টেম্বরের পর যেসব ক্লাব অনুশীলন ক্যাম্প শুরু করবে, তাদের খেলোয়াড়দের জাতীয় দলের ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হবে। এরপর ফেডারেশন কাপ ও সুপার কাপ খেলা শেষ হতেই আবার জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। মোদ্দা কথা, নভেম্বরে এশিয়ান গেমসে রওনা দেওয়ার আগ পর্যন্ত অনুশীলন বা খেলাতেই থাকতে হবে খেলোয়াড়দের।বাংলাদেশের ফুটবলের জন্য শুভ উদ্যোগ। তার পরও এখানে একটা ‘কিন্তু’ রয়ে গেল। বাফুফে কর্মকর্তারা গত কয়েক দিনের মতো কালও বললেন, এই মাসের মধ্যেই বিদেশি কোচ চলে আসবেন। তাহলে এখন সাইফুল বারী যে অনুশীলন শুরু করছেন, সেই ধারাবাহিকতা নতুন কোচের হাতে থাকবে তো?বাদল রায় আশাবাদী, ‘নতুন কোচ এসে সঙ্গে সঙ্গে জাতীয় দল নিয়ে কাজ শুরু করবেন না। তিনি দিন সাতেক অন্তত সময় নেবেন, পরিস্থিতি দেখবেন। ফলে একটা ধারাবাহিকতা থাকবেই।’ধারাবাহিকতা থাকলেও কোনো স্বপ্ন দেখা কঠিন। এশিয়ান গেমসে ফুটবলের তিনটি পদকের জন্য লড়বে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, ইরান, ইরাক, সৌদি আরবের মতো এশিয়ান ফুটবল পরাশক্তিরা। সেখানে বাংলাদেশের একটি জয়ের স্বপ্ন দেখাই কঠিন।দোহা এশিয়ান গেমসের অভিজ্ঞতা থেকে জাহিদ হাসান এমিলি জানেন, স্বপ্ন দেখা কতটা কঠিন। ২০০৬ সালের সেই গেমসের তিন ম্যাচের সব কটিতে হেরেছিল বাংলাদেশ। তবে জাহিদের প্রত্যাশা, সেবারের চেয়ে এবার নাকি ভালো করবে দল, ‘মন থেকেই বলছি, এখন আমাদের দলের চেহারা বদলে গেছে। অন্তত সেবারের চেয়ে ভালো করব আমরা।’জাহিদ হাসান বয়সের কারণে অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় হিসেবেই খেলবেন। সিনিয়র কোটায় দলে ডাক পেয়েছেন আমিনুল হক, ওয়ালি ফয়সাল, মোহাম্মদ সুজন ও এনামুল হক। জাতীয় দলের দীর্ঘদিনের গোলরক্ষক আমিনুল এই প্রথম এশিয়ান গেমস খেলতে যাচ্ছেন। তাই তিনি অন্তত কোনো হতাশার স্মৃতি নিয়ে যাবেন না, ‘আমি পুরোনো কিছু ভাবতে চাই না। শুধু ভালো করার জন্য কাজ করে যাব।’