আশা পূরণ করতে পারিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টিতে চাপ একটু কম থাকে। সেদিক দিয়ে কাউন্টি ক্রিকেটে এবার সময়টা মজাতেই কেটেছে। এর মধ্যে আবার একটা সপ্তাহ কেটেছে খুব বেশি মজায়। নটিংহামশায়ারে খেলতে তখন তামিমও ইংল্যান্ডে। দুজন মিলে অনেক ঘোরাঘুরি করেছি। তামিম যাওয়াতে এই একটা সুবিধা হয়েছে। ভালো না খেললে একা থাকার মুহূর্তগুলো খুব বিরক্তিকর হয়ে দাঁড়ায়। আমারও তা-ই হচ্ছিল। তামিম থাকায় সপ্তাহ খানেক ভালো সময় কেটেছে।মাঠের বাইরের প্রসঙ্গ বাদ দিয়ে যদি খেলার কথা বলি, বলব এবার কাউন্টি খুব একটা ভালো কাটেনি আমার। বোলিং ভালো করেছি। যদি ভালো রানও করতে পারতাম, তাহলে আরও আনন্দময় হতো সবকিছু। কিন্তু সেটা তো করতে পারলাম না!ক্লাব আমার কাছে যতটা আশা করেছিল, ততটা ভালো করতে পারিনি। তবে আমি ব্যর্থ হওয়ার পরও আমাকে টানা চার নম্বরেই খেলিয়ে গেছে। গতবার ভালো খেলেছিলাম বলে হয়তো আমার ওপর আস্থা ছিল। ব্যাট হাতে তাদের সেই আশা পূরণ করতে না পারায় খারাপ লেগেছে। তবে এবার খারাপ করেছি বলেই যে উস্টারশায়ার আমাকে আগামীবার বাদ দিয়ে দেবে, বিষয়টা তা নয়। আসলে আন্তর্জাতিক ক্রিকেটে এখন এতটাই ব্যস্ততা, যেকোনো খেলোয়াড়ই পুরো মৌসুম খেলতে পারে না। তিন-চারজন বিদেশি খেলোয়াড়কে সাইন করাতেই হয় ক্লাবগুলোর। কাজেই আগামীবারও হয়তো সুযোগ থাকবে।তবে এখন আর কাউন্টি নয়, জিম্বাবুয়ে সফর নিয়েই সব চিন্তা। দেশ ছাড়ার আগে হয়তো দলের সঙ্গে দু-এক দিন প্র্যাকটিসের সুযোগ পাব। দলের সঙ্গে এত দিন প্র্যাকটিস করিনি বলে আমার পক্ষে এসেই বোঝা সম্ভব নয় সার্বিক পরিস্থিতিটা এখন কী রকম। একসঙ্গে প্র্যাকটিস করতে থাকলে বোঝা যায় কার মনের অবস্থা কেমন। আশা করি, দু-এক দিন একসঙ্গে প্র্যাকটিস করতে পারলে সব ঠিকঠাক বুঝে নেব।নতুন কোচ স্টুয়ার্ট ল এসে গেছেন। তাঁর সঙ্গে ইংল্যান্ডে এক দিন ‘হাই-হ্যালো’ হয়েছে। ঢাকায় আসার পর এখনো দেখা হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, অনেক দিন কাউন্টি ক্রিকেট খেলেছেন, আন্তর্জাতিক একটা দলকে কোচিং করানোর অভিজ্ঞতাও আছে তাঁর। আমার মনে হয়, কোচ হিসেবে উনি ভালোই হবেন। তবে প্রথম অ্যাসাইনমেন্টের আগে কোচ সময় পাচ্ছেন খুবই কম। জিম্বাবুয়ে সফরে তিনি হয়তো চেষ্টা করবেন সবাইকে বুঝে নিতে, সবার সম্পর্কে জানতে। আর একজন খেলোয়াড় মাঠে নেমে গেলে কোচের তো কিছু করারও থাকে না। কাজেই কোচ সফরের ঠিক আগে আগে এলেও মনে হয় না বড় কোনো সমস্যা হবে।দলের বেশির ভাগ ক্রিকেটারই পুরোনো, নতুন কোচের জন্য এটাও একটা সুবিধা। নতুন দুজন খেলোয়াড় আছে এবার, আশা করি, সুযোগ পেলে তারা ভালো করবে। তবে দল নিয়ে কোনো মন্তব্য করব না। দল করেছেন নির্বাচকেরা, দল কেমন হয়েছে, সেটাও তাঁরাই ভালো বলতে পারবেন।১৪ মাস পর টেস্টে ফিরছি আমরা। দীর্ঘ বিরতি একটু সমস্যায়ই ফেলবে মনে হচ্ছে। আর সমস্যাটা বেশি হওয়ার কথা আমার। খেলতে যাব টেস্ট, অথচ আমি কিনা আছি টানা টি-টোয়েন্টির মধ্যে! যদিও কাউন্টিতে খেলা একমাত্র চার দিনের ম্যাচটি আত্মবিশ্বাস দিচ্ছে। খেলায় উন্নতিটা চার দিনের ম্যাচ খেললেই করা যায়। এ রকম ম্যাচ আরও খেলতে পারলে ভালো হতো। কিন্তু উপায় ছিল না। আমি যে সময়টা ছিলাম, উস্টারের দুটিই মাত্র চার দিনের ম্যাচ ছিল। একটাতে আমাকে নিয়েছে, আরেকটাতে খেলেছে সাঈদ আজমল।তবে যা শুনছি, জিম্বাবুয়েতে আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে সেখানকার আবহাওয়া। দলের জন্য খুব একটা ভালো খবর নয় এটা। ঠান্ডায় সব সময়ই আমাদের সমস্যা হয়। দেখা যাক, এবার ঠান্ডায় জয় হয় নাকি আমাদের!