আশা ফিরে পেলেন বোয়াস
বুকের ওপর প্রার্থনার ভঙ্গিতে রাখা হাত। যেন করজোড়ে মিনতি করছেন—প্রভু রক্ষা করো! কিন্তু ঈশ্বর প্রার্থনা শোনেননি। চ্যাম্পিয়নস লিগে চেলসি হেরেই গেল বায়ার লেভারকুসেনের কাছে, আরও কোণঠাসা হয়ে পড়লেন চেলসি কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস। ইন্টারনেটের সৌজন্যে ওই ছবিটা এখন অনেকেরই দেখা। দেখে মায়াই লাগে। বয়স আর কত, মাত্র ৩৪। এই বয়সে কী দুঃসহ চাপে পর্তুগিজ কোচ! ছবিটা দেখে হয়তো মন গলেছে ফুটবল-ঈশ্বরের। অনেক দিন পর ভিলাস-বোয়াসের মুখে দেখা গেল হারিয়ে যাওয়া হাসি।উলভারহ্যাম্পটন এমনিতে তেমন কোনো চ্যালেঞ্জ ছিল না। কিন্তু দুঃসময়ের পাকে পড়লে অনেক কিছুই ঘটে। শেষ পর্যন্ত সব শঙ্কা উড়িয়ে চেলসি ৩-০ গোলে জিতেছে নিজেদের মাঠে। জন টেরি, ড্যানিয়েল স্টারিজ আর হুয়ান মাতার প্রথমার্ধের তিন গোলই আবারও কক্ষপথে ফিরিয়েছে তাদের।নিজেদের জয়ের পাশাপাশি চেলসির জন্য সুখবর হয়ে এসেছে নিজেদের মাঠে নিউক্যাসলের সঙ্গে ম্যানইউর ড্র। চেলসির জন্য সোনায় সোহাগা হবে লিভারপুলের কাছে কাল ম্যান সিটি হেরে গেলে। এতে নিচু কণ্ঠে হলেও শিরোপার দাবিটা হয়তো আবার জানানো যাবে। কালকের আগে ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট ছিল সিটির, ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট ম্যানইউর। পাঁচে থাকা চেলসির পয়েন্ট ২৫।ভিলাস-বোয়াসের কণ্ঠে ফিরে এসেছে আত্মবিশ্বাস, ‘আমি মনে করি, আমাদের পক্ষে শিরোপা জেতা সম্ভব। আমাদের সেই প্রতিভা আর বিশ্বাস আছে। শেষ পর্যন্ত আমরা লড়াই করে যাব।’ফার্গুসন অবশ্য এই ড্র মানতে পারছেন না। রেফারি মাইন জোন্সও প্রথমে কর্নারের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু লাইন্সম্যানের সঙ্গে কথা বলে পেনাল্টির সিদ্ধান্ত দেন। যদিও রিপ্লে দেখে মনে হয়েছে, বেন আফরাকে অবৈধভাবে ফাউল করেননি ফার্ডিনান্ড। স্বভাবসুলভভাবে ম্যাচ শেষে লাইন্সম্যানের পিণ্ডি চটকেছেন ফার্গুসন। এফএর শাস্তি পেতে পারেন এতে।লিগে টানা পাঁচ জয়ের পর ড্রয়ের হতাশায় পুড়েছে আর্সেনালও। গানারদের নায়ক-খলনায়ক দুটোই থমাস ভারমেলেন। ৬৫ মিনিটে আত্মঘাতী গোল করে আর্সেনালকে পিছিয়ে দিয়েছিলেন, ৮২ মিনিটে তিনিই আবার গোল করে উদ্ধার করেছেন।পরশু ইতালিয়ান লিগে ‘শীর্ষে ওঠার’ লড়াইয়ে লাৎসিওকে হারিয়ে দিয়েছে জুভেন্টাস। সিমোনে পেপের গোলে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ফিরে পেল জুভরা। অন্য ম্যাচে এডিনসন কাভানির শেষ মুহূর্তের গোলে আটালান্টার সঙ্গে ১-১ ড্র করেছে নাপোলি। এএফপি, রয়টার্স।