আশা বাঁচিয়ে রাখলেন সাঙ্গাকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাজিত সেঞ্চুরির পথে সাঙ্গাকারা ছবি: রয়টার্স।
অপরাজিত সেঞ্চুরির পথে সাঙ্গাকারা ছবি: রয়টার্স।

হারলে বিদায়, জিতলে বেঁচে থাকবে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠার আশা—শ্রীলঙ্কার সামনে সমীকরণ ছিল এটাই। তবে গত রাতে বিদায়ঘণ্টা বাজেনি লঙ্কানদের। ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে শ্রীলঙ্কার শেষ চারের আশা বাঁচিয়ে রাখলেন কুমার সাঙ্গাকারা।

শ্রীলঙ্কার লক্ষ্যটা কঠিনই ছিল, ২৯৪ রান। তবে সেটাকে যেন পাত্তাই দিলেন না সাঙ্গাকারা। দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন। ১৭ বল বাকি থাকতে দলকে জয়ের বন্দরে নিয়ে অপরাজিত থাকলেন ১৩৪ রানে। সাঙ্গাকারা একাই তো হারালেন ইংল্যান্ডকে!

ইনিংসের শুরুটা অবশ্য ভালো ছিল না শ্রীলঙ্কার। দলীয় মাত্র ১০ রানে প্রথম উইকেটের পতন। ম্যাচের বাকি সময়টা ইংলিশ বোলারদের জন্য ছিল শুধুই হতাশার। কুশাল পেরেরা (৬) ছাড়া শ্রীলঙ্কার সব ব্যাটসম্যানই ব্যাট হাতে কম-বেশি সফল। তিলকরত্নে দিলশানের সংগ্রহ ৪৪ রান। ৪২ রান করেন মাহেলা জয়াবর্ধনে। ম্যাচের নায়ক সাঙ্গাকারার সঙ্গে অবিচ্ছিন্ন ১১০ রানের জুটি গড়ে নুয়ান কুলাসেকারা অপরাজিত থাকেন ব্যক্তিগত ৫৮ রান নিয়ে।

প্রথম ম্যাচে হারের পর ইংল্যান্ডের বিপক্ষে জয়। তবে শেষ চারে উঠতে হলে বোধ হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার। ‘এ’ গ্রুপের প্রতিটি দলই এখন পর্যন্ত দুটি করে ম্যাচে অংশ নিয়েছে। তিন পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার অর্জন ২ পয়েন্ট করে। তবে নেট রানরেটে পিছিয়ে শ্রীলঙ্কা। ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে অস্ট্রেলিয়া।

প্রথমে ব্যাট করা ইংল্যান্ড ২৯৩ রানের বড় সংগ্রহ গড়েছিল কুক-ট্রট-রুটের হাফ সেঞ্চুরি আর শেষ ওভারে রবি বোপারার ঝড়ে। কয়েক দিন আগে অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের ঘুষি খেয়েও পাল্টা প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্যের পরিচয় দিয়েছেন জো রুট। গতকাল ব্যাট হাতেও দৃঢ়তার ছাপ রাখলেন ২২ বছর বয়সী এই তরুণ। ৫৫ বলে ৬৮ রান। মাত্র পাঁচটি চার, অথচ স্ট্রাইক রেট ১২৩.৬৩! দলীয় সর্বোচ্চ ৭৬ রান করেন জোনাথন ট্রট। অধিনায়ক অ্যালিস্টার কুকের সংগ্রহ ৫৯ রান। ১৩ বলে ৩৩ রান নিয়ে অপরাজিত থাকেন বোপারা।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২৯৩/৭ (৫০ ওভার)

ট্রট ৭৬, রুট ৬৮, কুক ৫৯, বোপারা ৩৩*

মালিঙ্গা ২/৫৮, এরাঙ্গা ২/৮০, হেরাথ ২/৪৬

শ্রীলঙ্কা: ২৯৭/৩ (৪৭.১ ওভার)

সাঙ্গাকারা ১৩৪*, কুলাসেকারা ৫৮*, দিলশান ৪৪, জয়াবর্ধনে ৪২

অ্যান্ডারসন ২/৫১

সূত্র: রয়টার্স।