আশা বাঁচিয়ে রাখল আরামবাগ
ব্রাদার্সের বিপক্ষে কাল ১-০ গোলে জিতেছে আরামবাগ, তাতেও বাংলাদেশ লিগ থেকে অবনমনের শঙ্কা কাটেনি। তবে আরও এক ম্যাচ আশাটা বাঁচিয়ে রাখতে পেরেছে তারা।৩ মে বিজেএমসির বিপক্ষে শেষ ম্যাচে জিতলেও আরামবাগের পয়েন্ট হবে ১২। ফেনী সকার শেষ ম্যাচ খেলতে নামবে ১২ পয়েন্ট নিয়ে। যার অর্থ, ৫ মে শেষ ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে এক পয়েন্ট পেলেই অবনমন বাঁচিয়ে ফেলবে সকার। আর আরামবাগ হেরে গেলে তো কথাই নেই।আরামবাগ একটা উদ্বেগাকুল সময়ই কাটাচ্ছে। ৩০ বছর ধরে শীর্ষ ফুটবলে খেলছে দলটি। কয়েক বছর ধরে বাংলাদেশ লিগে অবনমনের খাঁড়ায় কাটা পড়তে পড়তে বেঁচে গেছে। কালকের জয়ের পর কোচ শাহাদাত হোসেন এবার তেমন কিছুরই আশায় আছেন, ‘একটা সুযোগ এখনো আছে। আমরা আশা ছাড়ছি না।’ কাল আরামবাগকে মূল্যবান তিনটি পয়েন্ট এনে দিয়েছেন খোকন দাস। ৪৮ মিনিটে বাঁ-প্রান্ত ধরে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে জয়সূচক গোলটি করেন তিনি।