আশা বাঁচিয়ে রাখল পোল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার নিজেদের জাতীয় দিবসে পোল্যান্ডকে হারিয়ে মোক্ষম একটা উৎসবের অপেক্ষাতেই ছিল রুশরা। কিন্তু কে জানত, রুশদের উৎসব পূর্ণতা পেতে দেবে না পোলিশরা! রাশিয়াকে জিততে দেয়নি পোল্যান্ড। রুশদের কাছ থেকে একটা পয়েন্ট ছিনিয়ে নিয়ে পরের পর্বে যাওয়ার আশাও জিইয়ে রেখেছে স্বাগতিক দল। অনুমিতভাবে রাশিয়া শুরু থেকেই পোল্যান্ডের ওপর চড়াও হয়ে খেলতে পারেনি। উল্টো শুরুর দিকে বল দখলে পোল্যান্ডই ছিল এগিয়ে, বেশ কয়েকটি সুযোগও তারা পেয়েছিল। ধীরে ধীরে অবশ্য নিজেদের গুছিয়ে নেয় রাশিয়া। ৩৮ মিনিটে আন্দ্রেই আরশাভিনের সেট পিসে মাথা ছুঁইয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দুই গোল করা আলান জাগোয়েভ রাশিয়াকে এগিয়েও দেন। এ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার এই গোলে রাশিয়া যখন পরের পর্বে যাওয়ার স্বপ্নে বিভোর, তখনই পোল্যান্ড গোল করে সেই স্বপ্নকে দেয় কাঁপিয়ে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পোল্যান্ড সমতা ফেরানোর জন্য একের পর এক আক্রমণ শাণাতে থাকে। তারই সুফল আসে ৫৮ মিনিটে, পোলিশ অধিনায়ক ইয়াকুব বোয়াশচিকোফস্কি বাঁ পায়ের অসাধারণ এক শটে বল জালে জড়িয়ে দেন (১-১)। গোল পেয়ে দারুণ উদ্যমী পোল্যান্ড এরপর রাশিয়াকে বেশ চেপেই ধরে, বলতে গেলে গোলরক্ষক ভিচেস্লাভ মালাফিয়েভের কৃতিত্বেই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে রুশরা। ম্যাচে পোল্যান্ডের অবিসংবাদিত সেরা খেলোয়াড় বোয়াশচিকোফস্কি মূল কৃতিত্ব দিয়েছেন কোচ ফ্রানচিশেক স্মুদাকে, ‘এ রকম একটি সমতাসূচক গোল দলের জন্য অবশ্যই বাড়তি প্রেরণা। স্মুদার ট্যাকটিকস ছিল একেবারে নিখুঁত, আর মাঠে আমরা সেই অনুযায়ীই খেলেছি।’ পোলিশ অধিনায়ক জানিয়েছেন, চেক প্রজাতন্ত্রের সঙ্গে পরের ম্যাচে তাঁরা নিজেদের সেরাটাই ঢেলে দেবেন, ‘আমরা এখনো লড়াইয়ে আছি। যদি পরের ম্যাচে ওদের (চেকদের) হারাতে পারি, তবেই আমরা পরের পর্বে চলে যাব। শেষ পর্যন্ত লড়ে যাব আমরা।’ রাশিয়ার ডাচ কোচ ডিক অ্যাডভোকাতও অকুণ্ঠ প্রশংসা করেছেন পোল্যান্ডের, ‘আজকের (পরশু) ম্যাচে হেরে গেলেই ওরা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যেত। তাই তাদের কৃতিত্ব দিতেই হবে।’ রাশিয়া এ ম্যাচে জিততে না পারলেও কোয়ার্টার ফাইনালের দৌড়ে এগিয়ে আছে। তবে ম্যাচটি তাঁর দলের ভুলত্রুটি সম্পর্কে সতর্ক করে দিয়েছে অ্যাডভোকাতকে, ‘আমাদের রক্ষণটা আরও মজবুত করতে হবে। বিরতির আগে আমরা ভালোই খেলছিলাম, গোলটাও পেয়েছিলাম তখনই। কিন্তু এরপর অনেক সুযোগই আমরা কাজে লাগাতে পারিনি। ড্র তাই খুব একটা খারাপ ফল নয়।’ পরের ম্যাচে গ্রিসের সঙ্গে ড্র করলেই নকআউট পর্বে চলে যাবে রাশিয়া। এএফপি, ওয়েবসাইট।