
ম্যাচ শেষে সবাই যখন কুলডাউনে ব্যস্ত, রাসেল মাহমুদ জিমি বেঞ্চে একা চুপচাপ বসে। চেহারায় বিষণ্নতা। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হারের যন্ত্রণাটা যেন অন্যদের চেয়ে বেশি পুড়িয়েছে জাতীয় দলের এই স্ট্রাইকারকে। ম্যাচের প্রসঙ্গ তুলতেই হাত জোড় করে বললেন, ‘আমাকে মাফ করে দেন, প্লিজ।’
এমনিতেই শিরোপা-দৌড় থেকে পিছিয়ে সুপার সিক্স পর্ব শুরু করেছে আবাহনী ও মোহামেডান। কাল মোহামেডানকে ৪-২ গোলে হারিয়েও শিরোপা জয়ের সম্ভাবনা খুব একটা দেখছেন না আবাহনীর কোচ মাহবুব হারুন, ‘শুধু মিরাকল কিছু ঘটলেই আমাদের চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’
আবাহনী কোচই যখন সব আশা ছেড়ে দিয়েছেন, মোহামেডান তো সামান্যতম সম্ভাবনাও আর দেখছে না। মৌসুমের প্রথম টুর্নামেন্টের সেমিফাইনালে বিদায়। এবার লিগও মোটামুটি শেষ। বড় বাজেটের দল গড়ে সাদা-কালোদের জন্য মৌসুমটা কাটছে শুধুই হতাশায়। এমন পরিণতির জন্য পাকিস্তানি খেলোয়াড়দের দুষছেন মোহামেডানের কোচ জামাল হায়দার, ‘পাকিস্তানিরা শতভাগ খেলতে পারেনি। সহজ সব সুযোগ নষ্ট করেছে। লিগটা আমাদের জন্য খুবই খারাপ কাটল। আশা ছিল আরও ভালো করার।’
১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে ঊষা ক্রীড়া চক্র। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে মেরিনার্স। ১২ ম্যাচে ২৯ পয়েন্ট পাওয়া আবাহনী তিনে, চারে থাকা মোহামেডানের পয়েন্ট ২৬।
আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই উত্তেজনা। সাম্প্রতিক সময়ে কয়েকবার খেলা বন্ধ হওয়া নিয়মিত দৃশ্যই হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সবাইকে অবাক করে কাল দুই দলের খেলোয়াড়েরা ‘শান্ত’ হয়ে রইলেন। যদিও ছয় মিনিটে পেনাল্টি কর্নারের দাবিতে আম্পায়ারকে ঘিরে ধরেন জিমি। ভিডিও রেফারেলের দাবিও তোলেন, শেষ পর্যন্ত রেফারেলের সিদ্ধান্ত মোহামেডানের বিপক্ষেই গেছে।
বিদেশি নির্ভর দল গড়েও মোহামেডানের বড় ভরসা এই জিমিই। মূল ভরসা পাঁচ পাকিস্তানিকে কখনো একসঙ্গে মাঠে নামাতে পারেননি কোচ। বাবার মৃত্যুতে ওমর ভুট্টো দেশে ফিরে গিয়েছিলেন। ফিরে এসে ম্যাচ খেললেও তাঁর ফিটনেস ভালো নয়। মোহাম্মদ ইমরানও ‘আনফিট’। তবু তাঁরা সহজ সুযোগ হারিয়েছেন, উল্টো প্রতি-আক্রমণ থেকে গোল খেয়েছে মোহামেডান। মাঝমাঠে বল জোগান দেওয়ার মতো নির্ভরযোগ্য খেলোয়াড়ের অভাব।
প্রথম ১০ মিনিটই যা একটু আক্রমণাত্মক খেলেছে মোহামেডান। এরপর থেকে আবাহনীর দাপট পুরো ম্যাচেই। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করলেন কাসিফ আলী। ২২ মিনিটে ২-০ করেন আবাহনীর তরুণ ফরোয়ার্ড রাজীব দাস। ৪৩ মিনিটে জিমি দারুণ এক হিটে ২-১ করলে জমে ওঠে ম্যাচ। ৪৮ মিনিটে স্কোর লাইন ৩-১। এবার আবাহনীর গোলদাতা শাফকাত। ৫৮ মিনিটে পেনাল্টি স্ট্রোকে ৩-২ করেন মোহামেডানের ইমরান। ৬১ মিনিটে রাজীবের গোলে মৌসুমে মোহামেডানের বিপক্ষে দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ল আবাহনী।