আশা হারাননি কাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভক্ত-সমর্থকদের কান্না, ‘না যেও না’র আর্তিই শুধু নয়, এসি মিলানে কাকা যেন ফেলে রেখে এসেছিলেন তাঁর সৌভাগ্যের দেবীকেও। যে কাকা মিলানকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন, নিজে জিতেছেন ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার, সেই তিনিই রিয়াল মাদ্রিদে একসময় হয়ে পড়লেন অপাঙেক্তয়। একের পর ইনজুরিও ক্ষতবিক্ষত করল। জীবনের কঠিন সেই সময় পেরিয়ে আসা কাকা জানালেন, দুঃসময়ের দুর্বিপাকে পড়েও আশা আর আস্থা হারাননি। জানালেন, কখনোই রিয়াল ছেড়ে যাওয়ার ভাবনা উঁকি দেয়নি তাঁর মনে।পরশু কোপা ডেল রে ম্যাচটি ব্রাজিল তারকার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে গেল। এই প্রথম এই মৌসুমে রিয়ালের জার্সি গায়ে পুরো ৯০ মিনিট খেললেন এবং এই প্রথম গোলও করলেন। ৩৫ মিনিটে করা কাকার গোলের পাশাপাশি ম্যাচে করিম বেনজেমার জোড়া গোলে সেগুন্ডা ‘বি’-এর দল আলকোয়ানোকে ৪-১ গোলে উড়িয়ে দিল রিয়াল। এক পা দিয়ে রাখল প্রি-কোয়ার্টার ফাইনালে। এর আগে ফিরতি লেগটা খেলবে তারা নিজেদের মাঠে।ইকার ক্যাসিয়াস, পেপে, সার্জিও রামোস, জাবি, মেসুত ওজিল, ক্রিস্টিয়ানো রোনালদোদের ছাড়াই এই দিন খেলতে নেমেছিল রিয়াল। তবে তাঁদের অভাব বুঝতেই দেননি কাকা। গোল করার পাশাপাশি করিয়েছেনও। গত কয়েক ম্যাচ ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকা ৩০ বছর বয়সী প্লে-মেকার যেন নিজের হারানো ছন্দ ফিরে পাওয়ার কাছাকাছি। কাকার কণ্ঠেও দুঃসময়কে বুড়ো আঙুল দেখাতে পারার তৃপ্তি।তাঁকে কিনতে ছয় কোটি ৮৫ লাখ ইউরো খরচ করা রিয়ালকে প্রতিদান দিতে চেয়েছিলেন। এ কারণে দুঃসময়েও রিয়াল ছেড়ে যেতে চাননি বলে জানিয়েছেন পরশু ম্যাচ শেষে, ‘গত গ্রীষ্মে যখন আমার থাকা না-থাকা নিয়ে অনেক কথা হচ্ছিল, সেই সময়ও ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। কারণ নিশ্চিত ছিলাম, রিয়ালকে আমি এখনো অনেক কিছু দিতে পারি। এখনো আমার চুক্তির মেয়াদ তিন বছর বাকি আছে। আমি মনে করি, এখনো আমার পক্ষে অবদান রাখা সম্ভব। আমি রিয়াল মাদ্রিদে থেকে যেতে চাই, দলে জায়গা করে নিতে চাই, চাই অনেক শিরোপা জিততে।’ ওয়েবসাইট।