আশাবাদী আলী আকবর
আবাহনী ক্লাব চত্বরের একপাশে বেশ জটলা। ফুটবল দলের অনুশীলন দেখছে জনা পঞ্চাশেক দর্শক। গত মৌসুমের শেষ দিকে আবাহনীর দায়িত্ব ছেড়ে দেশে ফেরা ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমি আবারও ফিরেছেন। তাঁর দিকেই বেশি মনোযোগ সবার।তবে দর্শকদের দিকে অতটা মনোযোগ দেওয়ার সময় কই আলী আকবরের! এসেই ব্যস্ত হয়ে পড়েছেন দল নিয়ে। প্রাণতোষ, সুজন, এনামুল, মামুন মিয়া, সোহেলদের সঙ্গে অনুশীলনে ছিলেন আট বিদেশি। ছিলেন তরুণ রাজন, শান্ত, রাব্বি, মেজবাহ, ইমনরাও। ১৫ ফুটবলার নিয়ে এই মৌসুমে জুুনিয়র ক্যাম্প শুরু করেছে আবাহনী।গত মৌসুমে বাংলাদেশ লিগ জিততে পারেনি আবাহনী। এবার শিরোপা পুনরুদ্ধার করতে চায় ধানমন্ডির দলটি। অনুশীলন শেষে আলী আকবর বললেন, ‘আবারও বাংলাদেশে আসতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি এই মৌসুমে সব টুর্নামেন্টেই আবাহনীকে চ্যাম্পিয়ন করতে পারব।’ গত বছর লিগ শেষ না করেই ফিরে যাওয়ার সময় আবাহনীর বিরুদ্ধে আর্থিক লেনদেন নিয়ে কিছু অভিযোগ করেছিলেন। এখন তাঁর কাছে সে সবই অতীত।ইরানে গিয়েই ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আলী আকবর। ছেলে অরাশকে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্যই ব্যস্ততা। এরপর স্বদেশে তিনটি এএফসি কোচেস কোর্স করেছেন। এই ফাঁকে অন্য কোনো দেশ বা ক্লাব থেকে কোচ হওয়ার প্রস্তাব পাননি। এ কারণেই কি আবারও আবাহনীর শরণাপন্ন? এবার আলী আকবর দিলেন কূটনৈতিক উত্তর, ‘এটা গোপনই থাক। তবে এটুকু বলব, দুই পক্ষ থেকেই যোগাযোগ ছিল।’নতুন দল নিয়ে খুশি কোচ, ‘এবারের দলটা বেশ শক্তিশালী। সাইড বেঞ্চে কিছু ভালো মানের ফুটবলার রাখতে চাই।’ আলী আকবর বলছিলেন, ‘গত লিগে দুটি ম্যাচে আমরা বাজে রেফারিংয়ে হেরেছিলাম। আশা করি এবার তেমন হবে না। নতুন দল নিয়ে আমি খুব আশাবাদী।’পুরোনো আউডু ইব্রাহিম, সামাদ ইউসুফ, থুয়াম ফ্রাঙ্কদের নিবন্ধন করার কথা, তাঁরা এসেছেন। এই পারীক্ষিত সৈনিকদের সঙ্গে এবার ট্রায়াল দিতে এসেছেন ঘানার আউডু অ্যাডাম, নাইজেরিয়ান জোয়েল, লাকি পল ও আকিম আডিবেসির। সব মিলিয়ে এই মৌসুমে আবাহনী দেখা দিতে চায় স্বরূপে। মাঠেই অবশ্য দিতে হবে পরীক্ষা।