আশাবাদী টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিনের ক্রিকেটকে বিদায় বলে না বললে হয়তো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটিতে মাঠে দেখা যেতেও পারত শচীন টেন্ডুলকারকে। ২৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ওয়ানডে অধ্যায়টা শেষ করার ঘোষণা দিয়েই সপরিবারে ভ্রমণে বের হয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তবে অবকাশযাপনে থাকলেও ভারত-পাকিস্তান সিরিজটার ওপর ঠিকই নজর রেখে চলেছেন তিনি। ঘরের মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুতেই পিছিয়ে পড়লেও ভারত বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়াতে পারবে বলে আশাবাদী কিংবদন্তি এই ব্যাটসম্যান। ঘরের মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুতেই পিছিয়ে পড়েছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় দিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। এখন সিরিজে টিকে থাকতে হলে আগামীকাল ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই ধোনি বাহিনীর। আর ভারত সেই ঘুরে দাঁড়ানোর কাজটা ভালোভাবেই করতে পারবে বলে বিশ্বাস করেন শচীন টেন্ডুলকার। একদিনের ক্রিকেটকে বিদায় জানানোর পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘এখন যদিও আমি ভারতীয় দলের সদস্য না, তারপরও আমার সমর্থন সবসময়ই আছে দলের সঙ্গে। ভারত পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবেই—এনিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। এখন আমাদের কাছ থেকে শুভকামনা ও সমর্থন ভারতীয় দল আশা করে। তারা যেন ভালোভাবে নিজেদের খেলাটা খেলতে পারে সেজন্য সবার কাছ থেকেই ইতিবাচক মন্তব্য দরকার। গত ২৩ ডিসেম্বর কোনরকম পূর্বপ্রস্তুতি ছাড়াই একদিনের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন শচীন টেন্ডুলকার। তারপর থেকেই তিনি পরিবার নিয়ে চলে গেছেন অবকাশযাপনের উদ্দেশ্যে। মৌসুরিতে তিনি এখন পুরোটা সময় কাটাচ্ছেন স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে। পিটিআই