আশাবাদী রিবেরি
পক্ষে কথা বলার মানুষ যদি বেশি না থাকে, তখন নিজের ঢাক নিজেকেই পেটাতে হয়! ফ্রাঙ্ক রিবেরিও তাই নিজের ঢোলটা পিটিয়ে যাচ্ছেন নিজেই। বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার আরও একবার বললেন, এবারের ফিফা-ব্যালন ডি’অরটা উঠতে পারে তাঁর হাতেই।
মেসি-রোনালদোর সঙ্গে তিনজনের তালিকায় তিনিও আছেন। সম্ভাবনা তো আছেই, মাঠের পারফরম্যান্স এবং দলীয় সাফল্য বিবেচনায় বাকি দুজনের চেয়ে বরং তিনিই খানিকটা এগিয়ে! গত মৌসুমে বায়ার্নকে ‘ট্রেবল’ জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। হয়েছেন গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়। জিতেছেন ২০১৩ সালের ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। কিন্তু বিশ্বজুড়ে মেসি-রোনালদোর নামের মাহাত্ম্য, তাতে তাঁদের পেছনে ফেলে রিবেরির হাতে বিশ্বসেরার পুরস্কার কি উঠবে?
ফিফা-ব্যালন ডি’অরের ভোট দেওয়ার জন্য ফিফার বর্ধিত সময়ও শেষ হয়ে গেছে। কিন্তু আশা করতে তো আর দোষ নেই! গত পরশু ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ শেষে রিবেরিও তাই আরেকবার জানালেন, ‘তিনজনের তালিকায় নাম থাকাটা দারুণ। দেখা যাক কী হয়! তবে আমি নিজেকে নিয়ে আশাবাদী। আমি আমার নিজের জন্য খুশি, খুশি আমার দল, আমার পুরো পরিবারের জন্য।’ এএফপি।
তিন জনের তালিকায় সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের নাম নেই বলে বায়ার্নের ৩০ বছর বয়সী উইঙ্গারের মনে একটু আক্ষেপও আছে, ‘ তার (ইব্রাহিমোভিচ) জন্য আমার দুঃখ হচ্ছে। কারণ সে অসাধারণ খেলোয়াড়।’