আশাবাদী রোনালদো
প্রস্তুতি ম্যাচে তুরস্কের কাছে ৩-১ গোলে হার। এবারের ইউরোয় পর্তুগালকে নিয়ে বাজি ধরার লোক তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। দলটিতে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা থাকার পরও এই পর্তুগাল আছে সবার হিসাবের বাইরেই। অনেকের মতে, কেবল অলৌকিক কিছুই পারে পর্তুগালকে ইউরোপ-সেরার মর্যাদায় অধিষ্ঠিত করতে। তবে দলের সবচেয়ে বড় তারকা মনে করেন, ইউরো চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করে দেখানোর ক্ষমতা তাঁর দলের আছে।রোনালদো অবশ্য এই ‘ভালো কিছু’র সংজ্ঞা দেননি। এই ভালো কিছু কি শিরোপা জয়, নাকি অন্যকিছু, তাঁর ব্যাখ্যাও তিনি দেননি। ইউরোয় পর্তুগাল যে গ্রুপে পড়েছে, সেই গ্রুপ কিন্তু সেই ভালো কিছুর পক্ষে একেবারেই সমর্থন জোগায় না। গ্রুপ ডি’তে তাদের প্রতিপক্ষ জার্মানি, হল্যান্ড ও ডেনমার্ক। এই গ্রুপকে ‘গ্রুপ অব ডেথ’ বললেও কম বলা হয়।তুরস্কের সঙ্গে হারের পর নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য খুব বেশি সময় পাচ্ছে না পর্তুগাল। আগামী শনিবারই তারা ইউরোর আসরে মাঠে নামবে—প্রতিপক্ষ তিনবারের ইউরো-সেরা জার্মানি। বাকি পথ রোনালদোর দল কত ভালোভাবে পার হতে পারবে, ওই ম্যাচটির ওপরই আসলে তা নির্ভর করছে। রোনালদো নিজে অবশ্য এ ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী।‘আমাদের দলের ভালো কিছু করার যথেষ্ট সক্ষমতা আছে। এই দলে আছে ভালো খেলোয়াড়।’ রোনালদোর অভিমত। তিনি বলেন, ‘জার্মানির বিপক্ষে ইউরোর উদ্বোধনী ম্যাচে আমাদের দলের খেলোয়াড়েরা নিজেদের উজাড় করে দেবে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জীবন দিয়ে লড়ে যাব। আশা করছি, শেষ পর্যন্ত আমাদের চেষ্টার একটা ভালো প্রতিদান আমরা পাব।’ ওয়েবসাইট।