আশাবাদী রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাব ত্যাগের গুঞ্জন আরও একবার উড়িয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার দাবি, রিয়াল মাদ্রিদের প্রতি মনোযোগটা এখনো তাঁর আগের মতোই আছে। বার্নাব্যুতে সুখেই আছেন তিনি। নতুন বছরে অনেকটা প্রতিশ্রুতির সুরেই বলছেন, লস ব্লাঙ্কোসদের হয়ে মৌসুমে সব শিরোপা জয়েরই চেষ্টা করবেন। শুধু তা-ই নয়, রোনালদো এখনো রিয়ালের লিগ শিরোপা ধরে রাখারও স্বপ্ন দেখেন।রিয়ালের সাম্প্রতিক সাফল্যে রোনালদোর বিরাট অবদান। ২০০৮ সালের পর গত মৌসুমে রিয়ালকে লিগ জেতাতে পর্তুগিজ তারকা করেছিলেন ৪৬ গোল। মৌসুমের শুরুতে স্প্যানিশ সুপার কাপ জয়েও সবচেয়ে বড় অবদান তাঁর। কিন্তু গত গ্রীষ্মের পর থেকেই রোনালদোর রিয়াল ছাড়ার গুঞ্জন। প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) জড়িয়েই গুঞ্জনটা বেশি। আলোচনায় আছে রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। রোনালদোই ‘আমি সুখী নই’ বলে গুঞ্জনটা উসকে দিয়েছিলেন। সেই রোনালদোই এখন বলছেন, ‘আমি খুবই ভালো বোধ করছি। আশা করি আমি আমার সেরাটা দিতে পারব এবং গত বছরের চেয়ে ভালো করব।’ সমর্থকদের সম্পর্কে তাঁর কথা, ‘সমর্থকেরা দারুণ, আমি তাদের নিয়ে খুবই খুশি। আমার পক্ষে সম্ভব সেরাটা দিয়েই অবদান রাখতে চাই। আর সেটি হলো ভালো খেলে, রিয়াল মাদ্রিদের এই জার্সিটার জন্য সবকিছু উজাড় করে দিয়ে। দল ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেতাটাই গুরুত্বপূর্ণ।’ চ্যাম্পিয়ন রিয়ালের শুরুটা এবার একেবারেই ভালো হয়নি। শীর্ষে থাকা চিরশত্রু বার্সেলোনার চেয়ে তারা পিছিয়ে ১৬ পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদও তাদের চেয়ে এগিয়ে ৭ পয়েন্টে। ফলে রিয়ালের লিগ শেষ বলেই ধরে নিয়েছেন অনেকে। খোদ রিয়ালের কোচ হোসে মরিনহোই এই দলে। কিন্তু রোনালদো এখনই আশা ছাড়তে রাজি নন, ‘আমরা এই বছরটা নিখুঁতভাবে শুরু করতে চাই। আমাদের প্রতিপক্ষরা দারুণ ফর্মে আছে। গত বছরের চেয়ে এই বছরে তাই আমরা শুরুটা ভালো করতে চাই। লিগটা কঠিনই হয়ে গেছে। কিন্তু গাণিতিকভাবে এখনো আমাদের পক্ষে শিরোপা জেতা সম্ভব। আমাদের শেষ দিন পর্যন্ত আত্মবিশ্বাসটা ধরে রাখতে হবে।’ রোনালদো নতুন বছরে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার প্রথম সুযোগ পেয়ে যাচ্ছেন আজই। আজ নিজেদের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরছে রিয়াল। ‘কাতালন ডার্বি’তে বার্সেলোনার প্রতিপক্ষ এসপানিওল।এত গেল লিগের কথা। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোতেই ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে রিয়াল। সেল্টা ভিগোর কাছে শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে হেরে কোপা ডেল রে’তেও চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে রিয়াল। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে দ্বিতীয় লেগে জিততেই হবে। অবশ্য ম্যাচটা নিজেদের মাঠে। রোনালদো আশাবাদী, ‘এটা হবে কঠিন লড়াই। চ্যাম্পিয়নস লিগে আমরা এক গ্রেট দলের বিপক্ষে খেলব। জেতাটা কঠিন হবে, তবে অসম্ভব নয়। কাপেও নিজেদের মাঠে জিততে হবে। সেল্টা ভিগোর বিপক্ষে আমরা ফেবারিট। আমাদের আত্মবিশ্বাস রাখতে হবে যে আমরা জিততে পারব।’ ওয়েবসাইট।