আশাবাদী সানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রেঞ্চ ওপেনের মহিলা দ্বৈতের ফাইনালে ফেবারিট ছিলেন তাঁরাই। অথচ সপ্তম বাছাই ইন্দো-রুশ জুটি সানিয়া ও ভেসনিনা হেরে গেছেন অবাছাই চেক জুটি লাভেকোভা ও রাদেকার কাছে। ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ সানিয়া মির্জা। তবে হতাশ নন মহেশ ভূপতির সঙ্গে ২০০৯ অস্ট্রেলিয়ান ওপেনের মিশ্র দ্বৈতের চ্যাম্পিয়ন ভারতীয় তারকা।রানার্সআপ হওয়াটাকেই অনেক বড় পাওয়া মনে করছেন সানিয়া। কেননা কয়েক মাস আগে কবজির চোটে হুমকির মুখে পড়ে গিয়েছিল তাঁর ক্যারিয়ার। তাই ফর্ম ও ফিটনেসের জন্য সংগ্রাম করা সানিয়া যা পেয়েছেন তাতেই খুশি, ‘যে পর্যায়েই হোক না কেন পরাজয় পরাজয়ই এবং শুরুতে এটা কষ্ট দেয়। কিন্তু যখন কদিন আগেকার ক্যারিয়ারের দিকেও তাকাই, আমি যা অর্জন করেছি তার জন্য দারুণ তৃপ্তি পাই।’মূলত অসংখ্য ‘আনফোর্সড এররের’ মূল্য দিতে হয়েছে সানিয়াদের। সার্ভ করে সফলতার ক্ষেত্রে এ জুটির সাফল্য ৫০ শতাংশেরও কম ছিল। ৬-৪, ৬-৩ গেমে জিতে চেক জুটি পকেটে পুরেছে ৩ লাখ ৩০ হাজার ইউরো; সানিয়ারা পেয়েছেন ঠিক এর অর্ধেক।গ্র্যান্ড স্লামের এককে নিজের হতাশাজনক ফল নিয়েও কথা বলেছেন সানিয়া। ২০০৮ অস্ট্রেলিয়ান ওপেনের পর কোনো গ্র্যান্ড স্লামের এককের তৃতীয় রাউন্ডেও উঠতে পারেননি, তবে এ জন্য শুরুর দিকেই শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হওয়াটাকেই কারণ ভাবছেন হায়দরাবাদের এই তরুণী। ওয়েবসাইট।