আশায় ফ্যাব্রিগাস-কস্তা
চার বছর আগেও গ্রুপপর্বে চিলির মুখোমুখি হয়েছিল স্পেন। সেবার সেই ম্যাচ ছিল দ্বিতীয় রাউন্ডে ওঠার সিঁড়ি। আগামীকাল সেই চিলির বিপক্ষেই স্পেনের অস্তিত্ব রক্ষার ম্যাচ। সেস্ক ফ্যাব্রিগাসের ভাষায়, বাঁচা-মরার ম্যাচ!
গত বিশ্বকাপেও প্রথম ম্যাচ হেরেও চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। সেই কোচ আছেন এবারও, অধিনায়কও একই। আছেন গতবারের প্রায় সব মুখই। তবে বাস্তবতা হলো, কাজটা এবার অনেক কঠিন। গত বিশ্বকাপের নায়কদের বয়স এবার বেড়েছে চার বছর, কমে গেছে ধার। সবচেয়ে বড় কথা, হল্যান্ডের বিপক্ষে যেভাবে দুমড়ে-মুচড়ে গেছে মনোবল, সেটিকে মেরামত করে দিয়ে ঘুরে দঁাড়ানো বেশ কঠিন। বাস্তবতা মানছেন ফ্যাব্রিগাস, তবে আশার তরিও বাইছেন, ‘এই দল মানসিকভাবে অনেক শক্ত এবং সাহসী। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কঠিন সময় এখন, তবে এই দলটার ওপর আমার অগাধ আস্থা। দারুণ সব ফুটবলার আছে আমাদের, একটি ফুটবল মাস্টারক্লাস উপহার দিতে না পারার কারণ দেখি না।’
সমস্যা হলো, শুধু নিজেদেরই নিয়েই ভাবলে চলছে না। গতবারের চেয়ে চিলির দলটা এবার অনেক ভালো! ফ্যাব্রিগাসও মানছেন সেটা, ‘যত দূর দেখেছি এবং বুঝছি, চিলি দ্রুতগতির ফুটবল খেলবে, আক্রমণে উঠে আসবে, গোল করতে চাইবে। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। তবে কিছু দুর্বলতাও আছে ওদের, আমরা যেসব কাজে লাগাতে চেষ্টা করব। নিজেদের উজাড় করে দিতে হবে আমাদের, এ ছাড়া আর কোনো বিকল্পও নেই। এটা আমাদের বাঁচা-মরার ম্যাচ।’ এই ম্যাচে কি বেঁচে থাকবে স্পেনের স্বপ্ন? এএফপি।
স্পেন দলের সবাই জানে চিলির সঙ্গে তাদের লড়াইটা বাঁচা-মরারই। ডিয়েগো কস্তাও সেটি জানেন। তবে হল্যান্ডের কাছে লজ্জার হারটাকে একটা শিক্ষা হিসেবে নিয়ে ২৫ বছর বয়সী স্ট্রাইকার আশায় বুক বাঁধছেন, স্পেন অবশ্যই গ্রুপপর্ব পেরোবে। স্পেনের জার্সি গায়ে এই ব্রাজিলিয়ানের অভিষেকটা মধুর হয়নি। ভিনদেশি জার্সি গায়ে তুলে ব্রাজিলবাসীর দুয়ো শুনেছেন। ডাচদের ৫-১ গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচে নিজে বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। তবে স্পেনের হয়ে বিশ্বকাপে অভিষিক্ত হতে পেরে খুবই আনন্দিত ২৫ বছর বয়সী স্ট্রাইকার, ‘এই শার্টের জন্য আমি সর্বস্ব উজাড় করে দেব। আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা পরের রাউন্ডে যেতে পারব এবং মানুষকে আগের মতোই সুখী রাখতে পারব।’ কস্তার বিশ্বাসটা বাধা পাবে না তো বাস্তবতার নির্মম দেয়ালে?
কালই ফ্যাব্রিগাস আর কস্তাকে সব প্রশ্নের উত্তর দেবে মারাকানা।