আশার আকাশে আলো কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ভারতের গুয়াহাটি ও শিলংয়ে আগামী ১০ থেকে ২০ জানুয়ারি অনুষ্ঠেয় এসএ গেমসের ২২টি খেলার মধ্যে ১৯টিতে অংশ নেবে বাংলাদেশ

সাড়ে তিন বছরের ছেলে আবু হুরায়রা তাঁর সারাক্ষণের সঙ্গী। গত ২০১০ দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের তায়কোয়ান্দোর সোনাজয়ী শাম্মী ফেডারেশনমুখী হন না বছর চারেক। ঘরকন্না নিয়েই আছেন। সোনাজয়ী আরেক খেলোয়াড় শারমিন ফারজানা রুমি তায়কোয়ান্দো ছেড়ে নিয়মিত খেলছেন হ্যান্ডবল।

গত এসএ গেমসে ১৮টি সোনাজয়ী খেলোয়াড়ের বেশির ভাগই আর দৃশ্যপটে নেই। ব্যক্তিগত সোনাজয় ছিল ১১টি, বাকিগুলো দলীয়। ব্যক্তিগত সোনাজয়ীদের সাতজনই এবার নেই! ক্যাম্পে ডাক পেয়েছেন শুধু বক্সার আবদুর রহিম, জুয়েল আহমেদ, শ্যুটার শারমিন আক্তার রত্না ও ভারোত্তোলক হামিদুল ইসলাম।
তায়কোয়ান্দোর শাম্মী ও রুমি, উশুর মেজবাহ আহমেদ খেলাই ছেড়ে দিয়েছেন। ক্যাম্পে ডাক পাননি শ্যুটার আসিফ হোসেন খান ও সাদিয়া সুলতানা। কারাতে ও গলফ ইভেন্ট বাদ পড়ায় খেলতে পারবেন না কারাতেকা হাসান খান, হোসেন খান, নুরুজ্জামান, জ উ প্রু, মুন্নি খানম, উসাইনু মারমা ও মরিয়ম খাতুন; গলফার দুলাল হোসেন, জামাল হোসেন, সাখাওয়াত হোসেন ও জাকিরুজ্জামান। উশুতে সোনাজয়ী ইতি ইসলামও খেলতে পারবেন না এই ইভেন্ট নিয়ে বিওএর অনাগ্রহে।
ক্রিকেট, গলফ ও কারাতের বিভিন্ন ইভেন্ট থেকে সোনা এসেছিল ৭টি। কিন্তু গত জুলাইয়ে আট দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিবেরা সভায় বসে কারাতে, গলফ ও ক্রিকেট বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের গুয়াহাটি ও শিলংয়ে আগামী ১০ থেকে ২০ জানুয়ারি অনুষ্ঠেয় এসএ গেমসের ২২টি খেলার মধ্যে ১৯টিতে অংশ নেবে বাংলাদেশ।
এই লক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) তত্ত্বাবধানে ২ আগস্ট শুরু হয়েছে ১২তম এসএ গেমসের অনুশীলন। সামনে বিশাল চ্যালেঞ্জ। গতবার ঘরের মাঠে এসএ গেমসে বাংলাদেশ ছিল উজ্জ্বল, গেমসের ইতিহাসে বাংলাদেশ পায় সেরা সাফল্যই (১৮ সোনা, ২৩ রুপা ও ৫৬ ব্রোঞ্জ)। ঘরের মাঠই তো শুধু নয়, এমন আশাতীত সাফল্যের পেছনে বড় অবদান ছিল বিওএর সেই সময়কার কমিটির। সেই কমিটির মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ অবশ্য বিনয়ের সঙ্গে সরকারি পৃষ্ঠপোষকতাকেই তুলে ধরলেন আগে, ‘আসলে ওই সময় সরকারের অকৃত্রিম পৃষ্ঠপোষকতা পেয়েছিলাম। সে জন্যই বিদেশি কোচ এনে দীর্ঘ ১৩ মাস অ্যাথলেটদের অনুশীলনে রাখতে পেরেছিলাম। ইভেন্ট নির্বাচন থেকে শুরু করে সবকিছুতেই আমরা কর্মকর্তা ও খেলোয়াড়েরা একটি দল হয়ে কাজ করেছিলাম। পদক জয়ে উদ্বুদ্ধ করা হয়েছিল খেলোয়াড়দের। সবার মধ্যে ছিল দায়বদ্ধতা ও আত্মনিবেদন।’
সেই সাফল্য এনে দেওয়া খেলোয়াড়দের একজন শ্যুটার আসিফ এখন বিকেএসপির কোচ। তাঁর ফর্ম পড়তির দিকে বলেই ফেডারেশন ক্যাম্পে ডাকেনি। সাদিয়া সুলতানা উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন বলে সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলেননি। এ জন্য তাঁকে ক্যাম্পে রাখা হয়নি।
উশুর মেজবাহ খেলা ছেড়ে এখন বাংলাদেশ সেনাবাহিনীর উশু কোচ। ইতি অবশ্য অনুশীলনে আছেন। এ ছাড়া উদীয়মান অনেক উশু খেলোয়াড়ই ভালো করছেন। এই খেলায় সোনার সম্ভাবনা থাকলেও সাংগঠনিক দুর্বলতার কথা বলে উশু দলকে ভারতে পাঠাতে অনিচ্ছুক বিওএ।
গতবারের সোনাজয়ী দুই বক্সার আবদুর রহিম ও জুয়েল আহমেদকে ঘিরে ধরেছে হতাশা। বছর দেড়েক জাতীয় চ্যাম্পিয়নশিপ হয় না। আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে তাদের পাঠাচ্ছে না ফেডারেশন। ভালো প্রস্তুতি নিয়ে ভারতে যেতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে দুই বক্সার।
ফেডারেশনের উদাসীনতায় তায়কোয়ান্দোর সোনাজয়ীরা হারিয়ে যাচ্ছেন। শাম্মী আফসোস করে বলছিলেন, ‘আমার এখনো খেলতে ইচ্ছা করে। বিদেশে অনেকে সংসার-সন্তান সামলে খেলাও চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি অন্তঃসত্ত্বা হওয়ার পর ফেডারেশন কোনো খোঁজখবর নেয়নি। তাই ফেরার ইচ্ছা থাকলেও পারি না।’ সম্ভাবনাময় দুই খেলোয়াড় শ্রাবণী বিশ্বাস ও শাহনাজ খাতুন অন্তঃসত্ত্বা। নতুন কোনো খেলোয়াড়ও উঠে আসছেন না তায়কোয়ান্দোয়।
এমনিতেই এবার পরীক্ষিত একঝাঁক অ্যাথলেট অনুপস্থিত। কার্যকর প্রস্তুতিরও ঘাটতি আছে। বেশির ভাগ ফেডারেশনের বিদেশি কোচ নেই। সব মিলিয়ে আশার আলো এবার কম। সোনা হারানোর শঙ্কা নিয়েই তো এসএ গেমসে খেলতে নামবে বাংলাদেশ। তবে কুতুবউদ্দিন আহমেদ আশাবাদী, বিওএ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবে। কারণ ক্রীড়াঙ্গনের সাফল্য তো দেশেরই গৌরব।