আশার আলো দেখছে সিলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কড়া রোদে দাঁড়িয়ে আছে কয়েক শ ক্রিকেটপ্রেমী তরুণ। সবার হাতে সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু করার দাবিসংবলিত প্ল্যাকার্ড। সঙ্গে জনা পঞ্চাশেক সংবাদকর্মী তো রয়েছেনই। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে এত মানুষের জটলা দেখে আইসিসি পর্যবেক্ষক দলের সদস্যরা শুরুতে বিরক্তি আর ক্ষোভই প্রকাশ করলেন।তবে আড়াই ঘণ্টা ধরে মাঠ, পিচ আর সংস্কারকাজের অগ্রগতি পরিদর্শন শেষে আইসিসি পর্যবেক্ষক দলের সদস্যদের সেই বিরক্তি একেবারেই উধাও। মাঠে দাঁড়িয়েই মিনিট পাঁচেক স্থানীয় সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন তাঁরা। আইসিসি পর্যবেক্ষক দলের পক্ষ থেকে জানানো হয়, স্টেডিয়ামের সংস্কারকাজের অগ্রগতিতে তাঁরা সন্তুষ্ট। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ হলে ২০১৪ সালে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সিলেট বিভাগীয় স্টেডিয়ামে আয়োজন করা সম্ভব হবে।গতকাল সিলেট শহরতলির লাক্কাতুরা এলাকায় সিলেট বিভাগীয় স্টেডিয়ামের সংস্কারকাজের অগ্রগতি তৃতীয়বারের মতো দেখতে আসেন চার সদস্যের আইসিসি পর্যবেক্ষক দল। আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলির সঙ্গে ছিলেন প্রধান কিউরেটর অ্যান্ডি অ্যাটকিনসন, স্টেডিয়াম পরামর্শক ভ্যান লিউ জিন ও ধীরাজ মালহোত্রা। শুরুতে বিসিবির পক্ষ থেকে পর্যবেক্ষক দলের সদস্যদের সংস্কারকাজের অগ্রগতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। দুপুর সোয়া ১২টার দিকে অ্যান্ডি অ্যাটকিনসন আউটফিল্ডের ঘাসের ডগা মাপতে শুরু করেন। বাকি সদস্যরা ততক্ষণে স্টেডিয়ামের ড্রেসিংরুম, পার্কিংয়ের জায়গা, মিডিয়া কক্ষ এবং ফ্লাডলাইট স্থাপনসহ অন্যান্য সংস্কারকাজের অগ্রগতি দেখেন।ক্রিস টেটলি বলেন, ‘প্রাথমিকভাবে সংস্কারকাজের অগ্রগতিতে আমরা সন্তুষ্ট। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে এখানে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী, সিলেটে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হবে। আশা করছি, আইসিসির বেঁধে দেওয়া সময় সেপ্টেম্বর মাসের মধ্যেই সংস্কারকাজ শেষ হয়ে যাবে। আইসিসির পর্যবেক্ষকেরা পরে আবারও সংস্কারকাজ দেখে সর্বশেষ সিদ্ধান্ত নেবেন।’ এর আগে ২৪-২৫ আগস্ট এই স্টেডিয়াম পরিদর্শন করবে নিউজিল্যান্ড ক্রিকেটের পরিদর্শক দলও। নিউজিল্যান্ডের বিপক্ষে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় হোম সিরিজের কিছু ম্যাচ এখানেও আয়োজনের চিন্তা আছে বিসিবির। নিউজিল্যান্ডের পরিদর্শক দল সম্ভাব্যতা যাচাই করবে সেটারই।