আশার কথা বললেন না হারুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহবুব হারুন অনেকবারই সংবাদ সম্মেলনে কথা বলেছেন। কিন্তু জাতীয় হকি দলের কোচকে কাল একটু অন্য রকম লাগল। বাস্তবতা যেন মেনেই নিয়েছেন অকপটে।
অষ্টম অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ খেলতে আজ রাতে মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ যুব দল। প্রায় দুই বছর পর আবারও যুব ও জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন হারুন। প্রত্যাবর্তনের শুরুতেই কঠিন এক চ্যালেঞ্জের সামনে পড়ে গেলেন বাংলাদেশের হকির সফলতম কোচ। যুব এশিয়া কাপে ভালো করার প্রত্যাশা আছে ফেডারেশনের। কিন্তু কাল সংবাদ সম্মেলনে হারুন আশার কথা শোনাতে পারলেন না, ‘এই টুর্নামেন্টে আমরাই র্যাঙ্কিংয়ে সবার নিচে। আট দলের মধ্যে অষ্টম হয়ে না ফেরাই আমাদের একমাত্র লক্ষ্য।’
১৪-২২ নভেম্বর যুব এশিয়া কাপের ‘বি’ গ্রুপে ১৭ নভেম্বর দক্ষিণ কোরিয়া ও ১৪ নভেম্বর পাকিস্তান কঠিন প্রতিপক্ষই বাংলাদেশের জন্য। একমাত্র ১৫ নভেম্বর ওমানকেই সহজ প্রতিপক্ষ ভাবা হচ্ছে। কিন্তু এই ওমানের কাছেই সিনিয়র দল সর্বশেষ এশিয়ান গেমসে হেরেছিল। কাজেই যুব দলের লড়াইটাও কঠিন হতে পারে।
দলবদলের দাবিতে খেলোয়াড়দের ক্যাম্প বয়কটই আত্মবিশ্বাসে দিয়েছে ধাক্কা। অনেক দেনদরবারের পর সংকটের সমাধান হওয়ায় তাঁরা মাঠে ফিরলেন। কোচ তা মনে করিয়ে দিয়ে বললেন, ‘মাত্র ২৫টি সেশন অনুশীলন করাতে পেরেছি, পর্যাপ্ত সময় তো পেলাম না।’ সময় না পাওয়ার কারণেই আসলে কোচ দল নিয়ে খুব উচ্চকিত নন।
তবে এই যুব দলের নয়জনই জাতীয় দলের খেলোয়াড়। অধিনায়ক অসীম গোপ সেটি ভেবেই তাই আশাবাদী হতে চান, ‘আমরা অনেক দিন একসঙ্গে খেলেছি। তাই আমাদের মধ্যে বোঝাপড়াটাও ভালো। আশা করি ভালো কিছু করতে পারব।’
বিওএর অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ছিলেন ফেডারেশনের সহসভাপতি খাজা রহমতউল্লাহ, পৃষ্ঠপোষক যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলমসহ অন্য কর্মকর্তারা।