আশার তরীর যাত্রী ধোনি
ক্যারিয়ারের বেশিটা জুড়েই ছিলেন পার্শ্বনায়ক। পাদপ্রদীপের উজ্জ্বলতম আলোটা কমই পড়েছে তাঁর ওপর। আড়ালে থেকে নিজের কাজটা করে গেছেন ঠিকঠাক। তবে ক্যারিয়ার শেষের ঘোষণায় ঠিকই সর্বোচ্চ মনোযোগ কেড়ে নিতে পেরেছেন রাহুল দ্রাবিড়। তাঁর বিদায়ে যেন স্বজন হারানোর ব্যথায় ব্যথিত ক্রিকেট-বিশ্ব। এমনকি ভারতের এশিয়া কাপ-পূর্ব সংবাদ সম্মেলনেও বড় একটা অংশজুড়ে থাকলেন দ্রাবিড়!দুই দিন ধরেই বিশ্বের নানা প্রান্তে বর্তমান-সাবেক ক্রিকেটারদের কণ্ঠে দ্রাবিড়-স্তুতি। মহেন্দ্র সিং ধোনির সেই সুযোগ হলো কাল, ‘জ্যাম (সতীর্থদের কাছে দ্রাবিড়ের নাম) ড্রেসিংরুমে ছিল দারুণ এক চরিত্র। ক্যারিয়ারে যত চ্যালেঞ্জ এসেছে, সব জয় করেছে। দলের প্রয়োজনে ওপেন করেছে, কিপিং করেছে, ভারতীয় দলে ওর অবদান বলে শেষ করা যাবে না। তবে আমাদের পরের টেস্ট সিরিজ প্রায় ৬ মাস পরে, অনেক ভেবেই ও এই সিদ্ধান্ত নিয়েছে। দল অবশ্যই ওকে মিস করবে। অসাধারণ এক ক্যারিয়ার ছিল ওর, সত্যিকারের এক আদর্শ।’দ্রাবিড়ের শূন্যতা পূরণ নিয়েও কথা হলো। ধোনির কণ্ঠে বাস্তবতার প্রতিফলন, ‘অনিল, দ্রাবিড়, শচীন, লক্ষ্মণ, সৌরভ গাঙ্গুলীর মতো কিংবদন্তিদের বিকল্প পাওয়া কঠিন। এভাবে তাই না ভাবাই ভালো। দলের প্রত্যেক সদস্যই আলাদাভাবে ভূমিকা রাখে। আশা করি, দ্রাবিড়ের জায়গায় যে সুযোগ পাবে, সে নিজের মতো করেই দলে অবদান রাখবে।’এশিয়া কাপ নিয়ে ধোনির অনুভূতি শুনে অবশ্য তাঁকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আদর্শ দূত বলেই মনে হলো, ‘সংক্ষিপ্ত একটা টুর্নামেন্ট। তবে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। কারণ, সব এশিয়ান দেশগুলো নিয়ে টুর্নামেন্ট তো আর খুব বেশি দেখা যায় না। আশা করি, সেরা ক্রিকেট খেলা দলটাই শিরোপা জিতবে!’টুর্নামেন্টের সফলতম দল ভারত, বর্তমান চ্যাম্পিয়নও। তবে সময়টা ঠিক পক্ষে নেই ভারতের। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে গিয়ে হয়েছে ধবলধোলাই। বিশ্ব চ্যাম্পিয়নরা এরপর উঠতে পারেনি সিবি সিরিজের ফাইনালেও। ধোনির অবশ্য দাবি, ওয়ানডেতে খুব একটা খারাপ করছে না তাঁর দল। যদিও শিরোপা ধরে রাখায় খুব একটা আত্মবিশ্বাসীও মনে হলো না, ‘সব দলই ভালো। খুব দূরে না তাকিয়ে প্রতিটি ম্যাচ আলাদা আলাদাভাবে নেওয়াই ভালো। এমন নয়, আমরা সাম্প্রতিক সময়ে খুব খারাপ করেছি। হ্যাঁ, ধারাবাহিকভাবে ভালো খেলতে পারিনি। তবে ওয়ানডেতে আমরা কিন্তু ভালোই করেছি। আশা করি, এই টুর্নামেন্টেও ভালো করব।’মাঠের পারফরম্যান্স, মাঠের বাইরের নানা বিতর্ক, দলে অন্তঃকলহের অভিযোগ মিলিয়ে হাওয়া যে অনুকূলে নেই, সেটা অবশ্য মানছেন ধোনি। ভারত অধিনায়ক তবু ভাসালেন আশার তরী, ‘চাপ সব সময়ই খারাপ নয়। অনেকে বলে চাপটাকে একেবারে চড়ে বসতে না দিলে চাপের মধ্যেই নাকি সেরাটা বেরিয়ে আসে!’