>

১২তম দক্ষিণ এশীয় গেমসের পর্দা উঠবে ৫ ফেব্রুয়ারি। ভারতের গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতা ঘিরে বাংলাদেশের প্রস্তুতি কেমন? গেমসের বিভিন্ন খেলায় আমাদের সাফল্যই বা কী? এসএ গেমসের প্রস্তুতি নিয়ে এই ধারাবাহিকে আজ শ্যুটিং
শচীন টেন্ডুলকারের সঙ্গে একটা জায়গায় মিল খুঁজে নিতে পারেন আবদুল্লাহ হেল বাকি। টেন্ডুলকার ব্যাট হাতে নামতেন কোটি কোটি ভারতীয়র প্রত্যাশার চাপ কাঁধে নিয়ে। এখন বাকির অবস্থাও অনেকটা সে রকম। শ্যুটিংয়ে বাংলাদেশের সব প্রত্যাশার ঘুড়িটা এখন তাঁকে ঘিরেই ওড়ে। আর শ্যুটিং ছাপিয়ে এসএ গেমসে গোটা বাংলাদেশ দলেরই আশার কেন্দ্রে অলক্ষ্যে ঘোরাফেরা করছেন বাকি।
গতবার ঘরের রেঞ্জে তিন সোনার একটি এনে দেওয়া আসিফ কোচিংয়ে ঢুকে পড়েছেন বেশ আগেই। দুটি সোনাজয়ী শারমিন আক্তার রত্নাকে শৃঙ্খলা ভাঙার অভিযোগে বিতর্কিতভাবে বাদ দিয়েছে ফেডারেশন। সেবার তাঁর দলীয় সঙ্গী সাদিয়া সুলতানাকে খোঁড়া যুক্তিতে প্রাথমিক ক্যাম্পেই ডাকা হয়নি।
এই খেলোয়াড়দের ভালো বিকল্প না থাকায় দলের শক্তি কমেছে। তারপরও আশা থাকেই। এবং তা যথারীতি ১০ মিটার এয়ার রাইফেলকে ঘিরে। এবারও এই ইভেন্টটার কথাই বলছেন সবাই। বাকি তো বেশ আশাবাদী, ‘১০ মিটার এয়ার রাইফেলের ছেলে ও মেয়ে দুই বিভাগেই আমাদের ভালো সম্ভাবনা আছে।’ কোচ লি জং হুয়ান অবশ্য ছেলেদের নিয়ে আশার কথা বললেও মেয়েদের ব্যাপারে বলছেন, ‘সো সো।’
কোরিয়ান এই কোচ প্রথম এসেছিলেন ১৯৯৪ সালে। এবার নিয়ে ষষ্ঠবার। সর্বশেষ এক মাস আগে এসে গুলশান রেঞ্জে টানা অনুশীলনের পর শুক্রবার দল নিয়ে বিকেএসপিতে গেছেন। ৫০ মিটার রাইফেলের ৯ প্রতিযোগী নিয়ে সেখানে আগে থেকেই ক্যাম্প করছেন আরেক কোচ সাইফুল আলম রিংকি।
কয়েক মাস ধরেই শ্যুটাররা খেলা বা অনুশীলনে থাকায় প্রস্তুতি ভালোই। এ নিয়ে কারও মুখেই হা-হুতাশ নেই। একজন পিস্তল কোচও আনা হয়েছে। যদিও পিস্তলে সোনার স্বপ্ন দেখার সাহস আর নেই। ১৯৯১ গেমসে শ্যুটিং যোগ হলে সেবার বাংলাদেশের তিনটি সোনার দুটিই আসে পিস্তলে। দেশের মাটিতে পরের গেমসে সাত সোনার একটি ছিল পিস্তল। সেই থেকে ইভেন্টটিতে আর সোনার দেখা নেই।
৫০ মিটার রাইফেলেও চলছে দীর্ঘ সাফল্যখরা। ১৯৯৫ গেমসে পাওয়া ৫ সোনার তিনটিই এসেছিল এই ইভেন্টে। ২১ বছরের সোনার খরা এবার দূর হওয়ার সম্ভাবনাও জোরালো নয়। ৫০ মিটারসহ বাংলাদেশের পক্ষে দক্ষিণ এশিয়ান গেমসে সর্বোচ্চ ৫টি সোনা জেতা রিংকি অবশ্য নিরাশ নন, ‘আমাদের সবই ভালো চলছে। সোনার ব্যাপারে এখনই বলা কঠিন। তবে আমরা পদক নিশ্চয়ই জিতব।’
সেই লক্ষ্যে ‘স্কোরে উন্নতি হচ্ছে’, এমন তৃপ্তি লির মুখে। কোচ বাকির কথা বলছেন আলাদা করে, ‘বাকি বিকেএসপির ছাত্র থাকার সময় থেকেই ওকে দেখছি। ও অনেক উন্নতি করেছে। সোনার সম্ভাবনা আছে ওর।’ দলীয় বিভাগে বাকির সতীর্থ শোভনের প্রশংসাও করেছেন লি।
২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে বাংলাদেশ বহরের ব্যর্থতার স্তূপে দাঁড়িয়ে রুপা জিতে নিজেকে চেনান বাকি। তবে মাঝখানে নিজের সেরা স্কোরটা করতে পারেননি দুটি প্রতিযোগিতায়। অলিম্পিকের জন্য কোটা প্লেস পেতে তাঁর সামনে শেষ সুযোগ ২৫ জানুয়ারি শুরু দিল্লির এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার। ওই প্রতিযোগিতায় যাওয়ার আগে আত্মবিশ্বাসী বাকি সাফ নিয়ে বলছেন, ‘স্কোরটা ভালোই হচ্ছে। এসএ গেমসে এবার সোনা জিততে পারব বলেই বিশ্বাস।’
রত্না না থাকায় মেয়েদের দলটা রং হারিয়েছে অনেকটাই। ২০০৪ ইসলামাবাদ সাফ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতা শারমিন আক্তার সম্ভবত এবারও থাকছেন। অভিজ্ঞ সুরাইয়া আক্তার সঙ্গী হতে পারেন। তাঁরা অনেক দিন ধরে খেলছেন। কিন্তু এঁদের চেয়ে ভারতীয়রা এগিয়ে। তারা এখন অলিম্পিকে সোনা জেতে। হরিয়ানার মেয়ে পূরবী চন্ডিমা মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে রেকর্ড গড়েছেন কদিন আগে। ভারত দ্বিতীয় বা তৃতীয় সারির শ্যুটার এবারও হয়তো পাঠাবে। তবে বাংলাদেশে জন্য এঁরাও বড় বাধা।
নিজেরাও কি নিজেদের জন্য বাধা নয়? শ্যুটিংয়ে এখন নিয়ম বদলে যাওয়ায় বাছাই শেষে সেরা আটে সবাই শুরু করেন শূন্য থেকে। বাংলাদেশের শ্যুটাররা ফাইনালেই স্নায়ুচাপে বেশি ভোগেন। অতীতে বহুবার তা দেখা গিয়েছে। তারপরও দক্ষিণ এশীয় গেমসে বাংলাদেশের জেতা ৬৩টি সোনার ২১টিই শ্যুটিংয়ের উপহার, মানে ঠিক এক-তৃতীয়াংশ। সে কারণে এই গেমস এলেই সবাই শ্যুটিংয়ের কাছে সোনা চায়। সেই সোনার জন্য শুটিং এবার তাকিয়ে বাকির দিকে।
শ্যুটিংয়ে বাংলাদেশের পদক
সোনা : ২১
রুপা : ২৮
ব্রোঞ্জ : ৪০