আশায় বুক বেঁধেই শ্রীলঙ্কা-যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল ভবনের দোতলার সিঁড়ি বেয়ে হন্তদন্ত হয়ে করিডরের দিকে ছুটে এলেন এনামুল। মুখে চুইংগাম। তাঁকে উত্কণ্ঠিত দেখাল। না, আর কোনো দুঃসংবাদ নয়। শ্রীলঙ্কায় কাল থেকে শুরু হতে যাওয়া এএফসি চ্যালেঞ্জ কাপের দলে শেষ মুহূর্তে জায়গা হয়েছে তাঁরও। এক সতীর্থের কাছ থেকে ডলার বুঝে নেওয়ার জন্যই ছিল এমন তাড়া, এমন উত্কণ্ঠা।বাফুফে ভবনে কাল শুধু এনামুলই ছিলেন না, ছিল পুরো বাংলাদেশ দল। বিমানবন্দরে যাওয়ার আগে ফটোসেশন এবং অন্য আনুষ্ঠানিকতা সারতেই ভবনে এসেছিলেন তাঁরা। ঢাকা-ব্যাংকক হয়ে গতকাল রাতেই কলম্বো পৌঁছে যাওয়ার কথা তাঁদের।এই শুভযাত্রায় আসল অভিভাবক হিসেবে থাকার কথা ছিল সার্বিয়ান কোচ জোরান জর্জেভিচের। কিন্তু নতুন করে চুক্তি না হওয়ায় আগের রাতেই বাংলাদেশ দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হয়েছে বাংলাদেশকে এক সপ্তাহ আগেই এসএ গেমস ফুটবলে জেতানো কোচের। আমিনুলদের সঙ্গী আপত্কালীন কোচ সাইফুল বারী ওরফে টিটু। ছড়িয়ে-ছিটিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে আড্ডায় মেতে উঠলেন ওয়ালি ফয়সাল, কাঞ্চন, শাকিলরা। বারান্দার সোফায় গা এলিয়ে শুয়ে ছিলেন জাহিদ হাসান ওরফে এমিলি। কাছে যেতেই বললেন, ‘অনেক সকালে এসেছি তো, একটু ঘুম ঘুম লাগছিল, তাই খানিকটা ঘুমিয়ে নিলাম।’ ম্যাচের সময় তো এভাবে জেগে উঠবেন? হেসে উত্তর দিলেন, ‘এসএ গেমসে শিরোপা জয়ের লক্ষ্য পূরণ করেছি। চ্যালেঞ্জ কাপেও ভালো খেলব আশা করি।’ এই ‘ভালো’র সীমানাটা কত দূর? ‘এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। এতে চ্যাম্পিয়ন হতে পারলে এশিয়ান কাপে খেলতে পারব। এখানে সব দেশের জাতীয় দলই খেলবে। আমাদের তাই বাড়তি কিছু করার চেষ্টা থাকবে’—বললেন জাহিদ হাসান। বাংলাদেশের গ্রুপের সব দলকেই শক্তি প্রতিপক্ষ বলে মানছেন এই স্ট্রাইকার, ‘আমাদের গ্রুপে আছে তাজিকিস্তান, মিয়ানমার ও শ্রীলঙ্কা। সবার সঙ্গেই এর আগে আমরা খেলেছি। তাজিকিস্তানের সঙ্গে যদিও এর আগের অভিজ্ঞতা ভালো না, তবে ওদের বিপক্ষেও ভালো খেলব আশা রাখি।’ জর্জেভিচের আস্থা অর্জন করতে না পারায় বাদ পড়েছিলেন। সেই জর্জেভিচের বিদায়-পথ ধরেই দলে ফিরেছেন এনামুল। তাঁর দলে ফেরার পেছনে বড় হাত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। এনামুল সেটা জানেন, ‘সালাউদ্দিন ভাইয়ের দেশে ফেরার জন্য অপেক্ষা করছিল সবাই। তিনি এসেই আমাকে দলে ঢুকিয়েছেন। ফেডারেশন ও দল ব্যবস্থাপনা কমিটি আমার ওপর যে আস্থা রেখেছে চেষ্টা করব সেটা ধরে রাখতে।’তবে তাঁর অন্তর্ভুক্তিতে মধুর সমস্যায় পড়তে পারেন কোচ সাইফুল বারী। চূড়ান্ত একাদশে জায়গা নিয়ে সমস্যা হতে পারে আরেক স্ট্রাইকার তৌহিদুল আলম ওরফে সবুজের। তৌহিদুল অবশ্য এসব নিয়ে ভাবছেন না, ‘এনামুল ভাই আছেন, এমিলি ভাই আছেন। তাই আমি শেষ পর্যন্ত খেলতে পারব কি না জানি না। তবে আমাকে সুযোগ দিলে শতভাগ উজাড় করেই খেলব।’ এনামুলকে অবশ্য প্রতিদ্বন্দ্বী ভাবছেন না তিনি, ‘এনামুল ভাই এসেছেন বলে দলও অনেক ব্যালান্সড হয়েছে।’ এনামুলকে পেয়ে খুশি অধিনায়ক আমিনুলও। শ্রীলঙ্কায় যাওয়ার আগে শোনালেন প্রত্যাশার কথা, ‘আমাদের একটাই প্রত্যাশা—ভালো ফুটবল খেলা। আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব। প্রথম ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ ভারপ্রাপ্ত কোচের নেতৃত্বেই টুর্নামেন্টে ভালো কিছু হবে বলে আশাবাদী দেশের এক নম্বর গোলরক্ষক, ‘আমি শেষ পর্যন্ত আশাবাদী ছিলাম যে, জোরান আমাদের সঙ্গে যাবেন। কিন্তু সেটা হলো না। তবে টিটু ভাইও অনেক উঁচু মানের কোচ। উনিও তো জোরানের সঙ্গে কাজ করেছেন। আমার মনে হয় না দুজনের কাজে তেমন পার্থক্য থাকবে। তাঁর তত্ত্বাবধানেও আমরা ভালো করব।’সাইফুলের জন্য টুর্নামেন্টটা একটা চ্যালেঞ্জ। এই প্রথম জাতীয় দলের দায়িত্ব তাঁর কাঁধে, তা-ও যাচ্ছেন বড় একটা টুর্নামেন্টে। তাঁর চোখ সেমিফাইনালের দিকে, ‘আমরা গত কিছুদিন যেভাবে খেলছি সেটা ধরে রাখলে সেমিফাইনালে যাওয়া অসম্ভব কিছু না।’