আশ্বাস দিয়ে আশাবাদী বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিসিবি চেয়েছে লিখিত প্রতিশ্রুতি। বিসিবি থেকে গেল একটা ই-মেইল। কাল অনুষ্ঠিত বোর্ডের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী সেই ই-মেইলে পিসিবিকে জানানো হয়েছে, পাকিস্তান সফরের সম্ভাব্যতা যাচাই করতে যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাকিস্তানে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে ব্যবস্থা নিতে অনুরোধ করে চিঠি দেবে বিসিবি।ই-মেইলে পাকিস্তান সফরের সম্ভাব্য সময়ও জানানো হয়েছে। সেটি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফরের মাঝখানে কোনো একসময়। এই দুই সফরের মাঝখানে অবশ্য মাত্র কয়েকটা দিনই আছে। শ্রীলঙ্কা সফর শেষ করে বাংলাদেশ দলের দেশে ফিরতে ফিরতে মার্চ শেষ হয়ে যাবে, জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ৭ বা ৮ এপ্রিল। ই-মেইলে আশ্বাস দেওয়া হয়েছে, ৬ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত ‘শীর্ষ’ বৈঠকের ধারাবাহিকতায় দুই বোর্ডের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা এবং দ্বিপক্ষীয় সিদ্ধান্তগুলোর বাস্তবায়নে বিসিবি আন্তরিক থাকবে। সেই সিদ্ধান্তগুলোর মধ্যে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের ব্যাপারে ইতিবাচক চেষ্টা যেমন আছে, আছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের খেলোয়াড়দের খেলার দরজা উন্মুক্ত রাখাও। বিসিবির এক শীর্ষ কর্মকর্তা কাল জানিয়েছেন, বাংলাদেশের কোনো খেলোয়াড় পাকিস্তান সুপার লিগে খেলতে চাইলে বিসিবি আপত্তি করবে না।দিল্লিতে বিসিবির সভাপতিকে দেওয়া আতিথেয়তার জন্য পিসিবি-প্রধানকে ধন্যবাদও দেওয়া হয়েছে ই-মেইলে। এ ছাড়া পিসিবিসহ সব ক্রিকেট বোর্ডের প্রধানকেই বিপিএলে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে গতকালের সভায়।বিসিবি অবশ্য বোঝাতে চাইছে, পিসিবির সঙ্গে সম্পর্ক উষ্ণ রাখাটা একটা ‘যদি’র ওপর নির্ভরশীল। ‘যদি’ পিসিবি বিপিএলের জন্য তাদের খেলোয়াড় ছাড়ে, তবেই বিসিবিও চেষ্টা করবে পিসিবির স্বার্থ দেখতে। অনানুষ্ঠানিকভাবে পুরো ব্যাপারটাই তাই ‘দেওয়া এবং নেওয়া’র। তবে বিসিবি আনুষ্ঠানিকভাবে দুটিকে আলাদা বিষয় বলে দাবি করছে। পাকিস্তান সফরে যাওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হওয়ার পরও সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে বিসিবির অস্থায়ী কমিটির সদস্য ও বিপিএল-প্রধান আফজালুর রহমান সিনহা তাই বললেন, ‘পাকিস্তান কখনো বলেনি তারা বিপিএলে খেলোয়াড় দেবে না। কাজেই আমরা ধরে নিতে পারি তারা খেলোয়াড় পাঠাবে।’ পিসিবির সিদ্ধান্তটা আজকালের মধ্যে জানা যাবে বলে আশাবাদী তিনি।আর যদি পিসিবি খেলোয়াড় না-ই পাঠায় সে ক্ষেত্রে নিলামের অবিক্রীত খেলোয়াড়দের মধ্য থেকে নতুন করে খেলোয়াড় নেওয়া হবে বলে আবারও জানিয়েছেন বিপিএল-প্রধান। কাল পর্যন্ত অবশ্য পাকিস্তানের খেলোয়াড়দের বিপিএলে আসার কোনো লক্ষণ দেখা যায়নি। বিপিএল-প্রধানই জানিয়েছেন, নিলামে বিক্রীত পাকিস্তানের কোনো খেলোয়াড়ের ছাড়পত্র হাতে আসেনি। অথচ বিপিএল মাঠে গড়ানোর কথা ১৮ জানুয়ারি থেকে।পিসিবি এখনো নেতিবাচক কিছু না বলায় বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও বিপিএলে পাকিস্তানের খেলোয়াড়দের পাওয়ার ব্যাপারে আশাবাদী। পাকিস্তানের সংবাদমাধ্যমে আসা পিসিবির ঝাঁজালো প্রতিক্রিয়াকে আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে আমলে নিতে রাজি নন তিনি এবং বিসিবির অন্য কর্মকর্তারাও। বিসিবির সুরটা বরং এই রকম—পিসিবি যদি বিপিএলে খেলোয়াড় দেয়, তাহলে পাকিস্তান সফর এবং পিসিবির স্বার্থসংশ্লিষ্ট অন্য বিষয়গুলো ভেবে দেখা যেতে পারে।বিসিবি আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও এটা ঠিক, পাকিস্তান সফরের নতুন উদ্যোগ বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই। তাই যদি না হবে, তাহলে পাকিস্তানকে নতুন করে নিরাপদ ভাবার কারণ কী? নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্তও হাস্যকর। কদিন আগেই যে দেশে সিরিজ বোমা হামলায় ১৪০ জনের মতো নিহত হলো, তা নিশ্চয়ই নিরাপত্তা পরিস্থিতির উন্নতি তুলে ধরে না। সর্বশেষ সূচি অনুযায়ী ওই বোমা হামলার সময়টাতেই বাংলাদেশ দলের পাকিস্তান সফরে থাকার কথা ছিল।