আসছে আরেকটি এল ক্লাসিকো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল রাতের ম্যাচটির ফলাফল বলার উপায় ছিল না এই প্রতিবেদন লেখার সময়। তবে ওসাসুনার কাছে বার্সেলোনা ৪ গোল হজম করবে—এটা মনে হয় পাঁড় বার্সাবিদ্বেষীও ভাবে না। প্রথম লেগে ওসাসুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছিল বার্সেলোনা। পরশু ফিরতি লেগে করিম বেনজেমার একমাত্র গোলে মালাগাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। কোপা ডেল রের শেষ আটেই তাহলে ‘এল ক্লাসিকো’ হচ্ছে!গতবার ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু এবার কোয়ার্টার ফাইনালেই দেখা হচ্ছে তাঁদের, যদি না ভয়াবহ কোনো বিপর্যয়ে পড়ে বার্সেলোনা কাল বিদায় নিয়ে থাকে। ১৮ জানুয়ারি কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ, ফিরতি লেগ ২৫ জানুয়ারি। ওই দুই ম্যাচে দুই দলই চাইবে প্রতিশোধ নিতে। বার্সা চাইবে গত কোপা ডেল রের ফাইনালে রিয়ালের কাছে হারের শোধ তুলতে, আর রিয়াল চাইবে গত ১০ ডিসেম্বর লিগে বার্সার কাছে ৩-১-এ হারের প্রতিশোধ নিতে। বার্সার দ্বিতীয় লেগ হয়ে যাওয়ার আগেই রিয়ালের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, ‘আমরা প্রস্তুত।’পরশু স্প্যানিশ দৈনিক এএসকে জাবি আলোনসো বলেছেন, ‘বার্সেলোনার এখনো দ্বিতীয় লেগ বাকি। তবে আমরা প্রস্তুতই আছি ওদের বিপক্ষে খেলতে। পরের পর্বে আমরা অনেক সমীহ নিয়ে খেলব।’ স্প্যানিশ লিগে গত ম্যাচে এসপানিওলের সঙ্গে ড্র করে রিয়ালের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে পড়েছে বার্সা। এটা রিয়ালকে মানসিক সুবিধা দেবে কি না—এমন প্রশ্ন সযত্নে এড়িয়ে গেলেন রিয়াল মিডফিল্ডার, ‘আমরা ভালো খেলছি। ২০১২ সালটি টানা তিনটি জয় নিয়ে শুরু করেছি। বাকিরা কে কী করছে, তা আমরা ভাবি না।’ ওদিকে ফিরতি লেগে দারুণ প্রতিশোধ নিয়েছে মায়োর্কা। প্রথম লেগে সোসিয়েদাদের কাছে হেরেছিল ০-২ গোলে। কিন্তু ফিরতি লেগে সোসিয়েদাদকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে। ৩৪ থেকে ৪১—এই সাত মিনিটেই চার-চারটি গোল দিয়েছে মায়োর্কা। এএফপি।