গড়পড়তা মানের বিদেশি ফুটবলার দেখে অভ্যস্ত ঢাকার দর্শক। গত মৌসুমে শেখ রাসেলের জার্সি গায়ে খেলা হাইতির প্লে-মেকার সনি নর্দে ছিলেন ব্যতিক্রম। সবার নজর কেড়ে এবার তিনি শেখ রাসেল ছেড়ে রেকর্ড অর্থে শেখ জামালে। নতুন মৌসুমে বিদেশি খেলোয়াড় নিবন্ধনের শেষ সময় ১৫ নভেম্বর। এখন ক্লাবে ক্লাবে চলছে বিদেশি আনার তোড়জোড়। এবার একটু বেশি সংখ্যক ভালো মানের বিদেশি খেলোয়াড় দেখা যেতে পারে।
গত মৌসুমের ট্রেবলজয়ী শেখ রাসেল নর্দেকে হারালেও এবার নাকি আরও ভালো একজন ফুটবলার আনছে। ক্লাব সভাপতি নুরুল আলম চৌধুরী জানালেন, ‘আমরা একজন জ্যামাইকান খেলোয়াড় আনছি। ভিডিওতে ওর খেলা দেখে সনির চেয়েও ভালো লেগেছে।’
শেখ রাসেলের ট্রায়ালে একজন উরুগুইয়ান মিডফিল্ডারও দেখা যেতে পারে। ৬ নভেম্বরের মধ্যে পাঁচজন মরোক্কান খেলোয়াড়ের আসার কথা। তাঁদের একজন লিবিয়া ও ভারতে খেলেছেন।
বাংলাদেশে বিদেশি খেলোয়াড়ের ৯০ শতাংশই আসেন আফ্রিকা থেকে। ক্লাবগুলো অল্প টাকায় আফ্রিকান এনে চালিয়ে নেয়। তবে এবার খেলোয়াড় সংগ্রহে কিছুটা নতুনত্ব দেখা যাচ্ছে। শনি-রোববার নাগাদ আবাহনীতে দেখা যেতে পারে একজন ইরাকি মিডফিল্ডারকে। হল্যান্ডের পাসপোর্টধারী একজন ফুটবলারেরও আবাহনীর ট্রায়ালে আসার কথা। মঙ্গলবার মোহামেডানে ট্রায়াল দিতে দুজন ডাচ ফুটবলার আসছেন বলে জানা গেছে। মোহামেডান সেনেগালের দুজন খেলোয়াড়কে আমন্ত্রণ পাঠিয়েছে। তারা চেষ্টা করছে নাইজেরিয়ার জাতীয় মএ’ দলের একজনকে আনারও।
আবাহনীতে গত ৭-৮ বছরের নিয়মিত মুখ ঘানার ইব্রাহিম আউডুকে এবারও ঢাকার মাঠে দেখা যেতে পারে। পুরোনোদের মধ্যে ঘানাইয়ান ডিফেন্ডার সামাদ ও নাইজেরিয়ান মিডফিল্ডার ইয়েকো, গত মৌসুমে মোহামেডানে খেলা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা মরিসনের সঙ্গেও নাকি কথাবার্তা পাকা করেছে আবাহনী।
আবাহনীতে এখন ট্রায়ালে আছেন মরোক্কোর ঘরোয়া লিগের দুজন খেলোয়াড়। একজন ওমানেও খেলেছেন। দুজন নাইজেরিয়ানও এই ঝাঁকে মিশেছেন। আরও দুজন নাইজেরিয়ান খেলোয়াড়ও শনি-রোববারের মধ্যে আবাহনীতে আসছেন। একজন সার্বিয়ান ফুটবলারেরও আসার কথা চারবারের পেশারদার লিগ চ্যাম্পিয়নদের অনুশীলনে।
সাতজন বিদেশি নিবন্ধন করা যাবে এবারও। শেখ জামাল পাঁচজনের নিবন্ধন নিশ্চিত করে ফেলেছে। তাঁরা হলেন সনি নর্দে, তাঁর স্বদেশি স্ট্রাইকার ওয়েটসন, ব্রিটিশ পাসপোর্টধারী নাইজেরিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার আলী আবদুল্লাহ, নাইজেরিয়ান মিডফিল্ডার ওকে মেরি এবং নাইজেরিয়ান রাইট উইঙ্গার ফেমি। দিন তিনেক আগে আসা ব্রিটিশ পাসপোর্টধারী নাজেরিয়ান স্ট্রাইকার এমেকাকেও নিবন্ধন করার সম্ভাবনা বেশি।