আসছে বছর আরও ভালো!

শিরোপা দিয়েই দুর্দান্ত একটা বছর শেষ করলেন সেরেনা উইলিয়ামস। পরশু লি নাকে ২-৬, ৬-৩, ৬-০ গেমে হারিয়ে সেরেনা জিতে নিয়েছেন মৌসুম শেষের টুর্নামেন্ট ডব্লুটিএ চ্যাম্পিয়নশিপের শিরোপা। গড়েছেন টুর্নামেন্টের সবচেয়ে বেশি বয়সে শিরোপা জয়ের রেকর্ড। এ বছরে এটা তাঁর ১১তম শিরোপা। বছরে ৭৮ জয়ের বিপরীতে হার মাত্র ৪টি!
গত বছর ভিক্টোরিয়া আজারেঙ্কার গড়া এক বছরে সর্বোচ্চ ৭৯ লাখ ২৩ হাজার ৯২০ ডলার আয়ের রেকর্ডটি সেরেনা ভেঙে দিয়েছেন আগেই। ইস্তাম্বুলের এই শিরোপা জিতে এ বছরে প্রাইজমানি থেকে সেরেনার আয় দাঁড়াল এক কোটি ২৩ লাখ ৮৫ হাজার ৫৭২ ডলার! যা পুরুষ-মহিলা মিলিয়েই টেনিস ইতিহাসে এক বছরে তৃতীয় সর্বোচ্চ আয়। ২০১১ ও ২০১২ সালে একমাত্র নোভাক জোকোভিচই তাঁর চেয়ে বেশি আয় করেছিলেন। স্বাভাবিকভাবেই ২০১৩ সালটাকেই মনে করা হচ্ছে তাঁর ক্যারিয়ারের সেরা। কিন্তু সেরেনা তা মানতে চাইলেন না, ‘আমি গ্র্যান্ড স্লাম জিততে ভালোবাসি। ডব্লুটিএ চ্যাম্পিয়নশিপ জিতেও আমি রোমাঞ্চিত। তবে আমি বলব, এ মৌসুমটা আমার শীর্ষ তিনের একটি।’ শুধু তাই নয়, ৩২ বছর বয়সী সেরেনার ভবিষ্যদ্বাণী, ২০১৪ সালটি তাঁর আরও ভালো যাবে!
এদিকে অনেক চেষ্টার পর অবশেষে একটা টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন রজার ফেদেরার। কিন্তু ঘরের কোর্টের সুইস ইনডোরে শিরোপাটিও হাতে নিতে পারলেন না। তাঁকে ৭-৬ (৭-৩), ২-৬, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জিতেছেন আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রো। এএফপি।