আসছেন একজন লুকাকু
সে সত্যিই অসাধারণ এক তরুণ খেলোয়াড়। সামনের মাসগুলোয় সে কী করে এটা দেখতে সাগ্রহে তাকিয়ে থাকব—ক্রিস্টিয়ানো রোনালদো আমি ওকে ফোন দিয়েছিলাম। ভিনসেন্ট কোম্পানি থেকে ওর নম্বর নিয়েছি। আমি চেলসি কর্তাদের বলে দিয়েছি, ওকে চেলসিতে নেওয়া যেতে পারে—দিদিয়ের দ্রগবাক্রিস্টিয়ানো রোনালদো যাঁকে অসাধারণ বলেছেন, দিদিয়ের দ্রগবা উপযাজক হয়ে যাঁর ফোন নম্বর নিয়ে কথা বলেছেন, তাঁর নাম রোমেলু লুকাকু।বয়স মাত্র ১৭ বছর। এর মধ্যেই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে বেলজিয়ামের তরুণ স্ট্রাইকার নজর কেড়েছেন ফুটবলের মহাতারকাদের। প্রশংসা কুড়িয়ে নিয়েছেন ইউরোপের বড় বড় ক্লাবের কোচদের। খেলেন বেলজিয়ামেরই ক্লাব অ্যান্ডারলেখটে। তাঁর সতীর্থরাও লুকাকুকে দেখে মুগ্ধ। আন্ডারলেখটের সিলভিও প্রোটো যেমন বলেছেন, ‘সে একজন ফুটবলার এবং মানুষ হিসেবে সত্যিই দুর্দান্ত।’লুকাকু খেলোয়াড় হিসেবে কেমন, সেটা বুঝতে পরিসংখ্যানে চোখ রাখতে হবে। বেলজিয়ামের অনূর্ধ্ব-২১ দলের পর এই বয়সেই বেলজিয়াম দলেও অভিষেক হয়ে গেছে লুকাকুর। অনূর্ধ্ব-২১ দলের হয়ে ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার করেছেন ৫ ম্যাচে ২ গোল। বেলজিয়ামের মূল দলের হয়েও ৮ ম্যাচে ২ গোল।১৯৯৯ সালে ৭ বছর বয়সে নাম লিখিয়েছিলেন স্থানীয় রুপেল বুম ক্লাবে। এরপর উইন্টাম ও লিরসে ঘুরে ২০০৬ সালে নাম লিখিয়েছেন অ্যান্ডারলেখটে। ৩ বছর যুবদলের হয়ে খেলার পর অভিষেক হয় মূল দলে। ৫৪ ম্যাচ খেলে গোল করেছেন ২৫টি।এই পরিসংখ্যানের কারণেও ইংল্যান্ডের বড় বড় ক্লাবের চোখ লুকাকুর দিকে। আর্সেনাল-চেলসি তাঁকে পেতে প্রতিযোগিতায় নেমেছে। দৌড়ে আছে রিয়াল মাদ্রিদও। রিয়াল কোচ হোসে মরিনহো বলেছেন, ‘এটা সত্য, আমরা রোমেলুকে পেতে চেয়েছি। কিন্তু ওর বড্ড চালাক একজন বাবা আছে। সে চায়, রোমেলু আরও এক বছর আন্ডারলেখটেই থাকুক।’সবাইকেই ফিরিয়ে দিয়েছেন লুকাকু। তবে আদর্শ দ্রগবার মতো ইউরোপের বড় কোনো ক্লাবে খেলতে চান। কোন ক্লাবে খেলবেন, সেটা এখনো ঠিক করে উঠতে পারেননি, ‘আর্সেনাল-চেলসি আমাকে চেয়েছে। চেলসি আমার প্রিয় ক্লাব। তবে তার মানে এই নয় যে, আমি সেখানেই খেলব। ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, লিভারপুল আর ম্যানচেস্টার সিটিও তো আছে। টটেনহামে খেলতে পারাও হবে দারুণ।’লুকাকুর বাবা কঙ্গোর সাবেক ফুটবলার রজার ছেলেকে কোনো বড় ক্লাবেই দেখতে চান। তবে সবার আগে চাইছেন, ছেলের পড়ালেখাটা শেষ হোক। ওয়েবসাইট।