আসছেন না হকি কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ জুলাই ঢাকায় আসার কথা ছিল জাতীয় হকি দলের দক্ষিণ আফ্রিকান কোচ জাইলস বনেটের। কিন্তু গতকাল হকি ফেডারেশনকে ই-মেইলের মাধ্যমে তিনি বাংলাদেশে আপাতত আসছেন না বলে জানিয়ে দিয়েছেন। কারণ হিসেবে অনুমিতভাবেই নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তিনি। গুলশানে জঙ্গি হামলার পর বাংলাদেশে আসার ব্যাপারে বিভিন্ন খেলার বিদেশি কোচ-ট্রেনারদের মনে অস্বস্তি কাজ করছে। তবে বনেটই প্রথম সরাসরি না আসার কথা জানিয়ে দিলেন। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক কাল বনেটের না আসার ব্যাপারটি নিশ্চিত করেছেন।
এদিকে অনিশ্চয়তা দেখা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম বিদেশি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পাওয়া পল স্মলির আসা নিয়েও। কাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, স্মলি ফোন করে বলেছেন, তাঁর পরিবার এই মুহূর্তে তাঁকে ঢাকায় আসতে বারণ করছে। যে কারণে তিনি আসতে পারছেন না।
কবে নাগাদ তিনি আসতে পারেন বা আদৌ আসবেন কি না, সে ব্যাপারে কিছুই জানাননি স্মলি। বনেটও না আসার অন্যতম কারণ হিসেবে বাংলাদেশে আসার ব্যাপারে তাঁর পরিবারের আপত্তির কথা জানিয়েছেন। বনেটের সঙ্গে হকি ফেডারেশনের আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। কথা ছিল, এবার ঢাকায় আসার পর সেই চুক্তি হবে। আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট নিয়ে ফেডারেশনের পরিকল্পনা তাই বড় একটা হোঁচটই খেল।