আসতে শুরু করেছে বিশ্বকাপের দলগুলো
এশিয়া কাপ শেষ হতে না-হতেই দামামা বেজে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। একই সঙ্গে পুরুষ ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রকৃতই এক ক্রিকেট মহাযজ্ঞকে নিয়ে আসছে বাংলাদেশে। স্বাগতিক বাংলাদেশসহ যেখানে ১৬টি পুরুষ দল এবং ১০টি মেয়েদের দলের অংশগ্রহণ। ১৬ মার্চ থেকে বিশ্বকাপের প্রথম পর্ব শুরু হলেও দলগুলো আসতে শুরু করেছে এরই মধ্যে। জিম্বাবুয়ে চলে এসেছে আগেই। কাল সকালে এসেছে আয়ারল্যান্ড দল। আর এশিয়া কাপে খেলা আফগানিস্তান দল তো বাংলাদেশেই থেকে গেছে, এখন তারা আছে চট্টগ্রামে।
এশিয়া কাপের অন্য তিন অতিথি দল ফিরে গেছে দেশে। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর পরই চলে গেছে ভারত। কাল গেল চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আর রানার্সআপ পাকিস্তান। ২১ মার্চ থেকে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব শুরুর আগেই আবার বাংলাদেশে ফিরে আসবে তারা। পাকিস্তান ও ভারত আসবে ১৪ মার্চ, শ্রীলঙ্কা ১৬ মার্চ। ১৬ মার্চ আসবে দক্ষিণ আফ্রিকাও। এ ছাড়া নিউজিল্যান্ড দল আসবে ১৪ মার্চ, ওয়েস্ট ইন্ডিজ ১৫ মার্চ, ইংল্যান্ড ১৬ মার্চ এবং অস্ট্রেলিয়া দল আসবে ১৭ মার্চ।
প্রথম পর্বের দলগুলোর মধ্যে কাল রাত ৩টা ৫০ মিনিটে ইতিহাদ এয়ারলাইনসের একই ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা সংযুক্ত আরব আমিরাত ও নেপাল দলের। তার আগে রাত ৮টায় বাংলাদেশের মাটিতে নেমেছে হংকং ও হল্যান্ড দল। কাল রাতেই চট্টগ্রামে চলে যাওয়ার কথা তাদের।
অন্য দলগুলো যখন এখনো আসার পথে, আফগানিস্তান ও জিম্বাবুয়ে দল এরই মধ্যে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করেছে। চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প করছে আফগানিস্তান। আর জিম্বাবুয়ে তো কাল ফতুল্লায় অনানুষ্ঠানিক একটা প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়েছে ১১ রানে। মূল প্রস্তুতি ম্যাচের আগে চট্টগ্রামে গিয়ে তাদের আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা দলের বিপক্ষে। টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বকাপের ১৬ দলের প্রতিটিই দুটি করে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। বাড়তি দুটি ম্যাচ খেলে সেদিক দিয়ে জিম্বাবুয়ে একটু এগিয়েই থাকল।
মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দলগুলোর মধ্যে ভারত ও পাকিস্তান এর মধ্যেই বাংলাদেশে চলে এসেছে। কক্সবাজারে বাংলাদেশ মহিলা দলের বিপক্ষে সিরিজ খেলছে তারা। অন্য দলগুলোর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা আসবে ১২ মার্চ ও ইংল্যান্ডের মেয়েরা ১৩ মার্চ। এ ছাড়া অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মহিলা দল বাংলাদেশে পৌঁছাবে ১৬ মার্চ।