আসবে শ্রীলঙ্কার পর্যবেক্ষক দল
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিসিবির নিরাপত্তা পরিকল্পনা আইসিসির মাধ্যমে পেয়ে গেছে সব দেশই। সঙ্গে একটা প্রস্তাবও। বিশ্বকাপের প্রতিটি দেশ চাইলে নিজস্ব পর্যবেক্ষক দল পাঠিয়ে দেখে যেতে পারে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি।
আইসিসির প্রস্তাব পেয়ে বিশ্বকাপের দেশগুলো বাংলাদেশে এলেও সেটি জানুয়ারির ২০ তারিখের দিকে। ওই সময় ঢাকায় বিশ্বকাপ নিয়ে একটা নিরাপত্তা বৈঠকও হওয়ার কথা। তবে বিশ্বকাপের আগেই যেহেতু শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফর, তাদের নিরাপত্তা পর্যবেক্ষক দল চলে
আসতে পারে আরও আগেই। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কা দলের বাংলাদেশে আসার সূচি রয়েছে ২৪ জানুয়ারি। ২২ ফেব্রুয়ারি সিরিজ শেষ হওয়ার তিন দিনের মাথায়ই এশিয়া কাপ মাঠে গড়ানোর কথা।
সূত্র জানিয়েছে, নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠানো নিয়ে এর মধ্যেই বিসিবির সঙ্গে আলোচনা শুরু করেছে এসএলসি। দিন-তারিখ এখনো ঠিক না হলেও সপ্তাহ খানেকের মধ্যেই আসতে পারে। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী কাল এ ব্যাপারে বলেছেন, ‘শ্রীলঙ্কার নিরাপত্তা পর্যবেক্ষক দল আসার সম্ভাবনা আছে। এ নিয়ে কথাবার্তা চলছে। আমরা আগেই বলেছি, কেউ বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি দেখতে আসতে চাইলে বোর্ড সব রকম সহযোগিতা করবে।’
কাল বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী দেখা করেছেন ঢাকাস্থ শ্রীলঙ্কান হাইকমিশনারের সঙ্গে। সূত্র জানিয়েছে, সাক্ষাতে শ্রীলঙ্কান হাইকমিশনার আসন্ন সিরিজের ভেন্যু তালিকা থেকে সিলেটকে বাদ দেওয়ার অনুরোধ করেছেন। তবে বিসিবি এখনো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।