টেস্ট ক্রিকেটটা টেস্ট ক্রিকেটের মতো কেন খেলতে পারে না বাংলাদেশ? ঢাকা টেস্ট আবারও সামনে আনল এই প্রশ্ন। কিন্তু এটা এমন এক প্রশ্ন, যার উত্তর একটি মাত্র ব্যর্থতার ময়নাতদন্তে উঠে আসে না। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেই তো আজ পর্যন্ত দীর্ঘ পরিসরের ক্রিকেটের জন্য সংস্কারকাজ হয়নি। হাড় জিরজিরে প্রথম শ্রেণীর ক্রিকেটের দেশ টেস্ট খেলবে কী?কাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম এসেছিলেন ঢাকা টেস্ট নিয়ে বলতে। এ-প্রসঙ্গ ও-প্রসঙ্গ হয়ে প্রশ্নোত্তর পর্ব শেষ পর্যন্ত গিয়ে ঠেকল আসল জায়গায়। প্রথম শ্রেণীর ক্রিকেটের দৈন্যই কি বাংলাদেশের এখনো টেস্ট দল হয়ে না ওঠার কারণ? সারা বছর হাতে গোনা কয়েকটা প্রথম শ্রেণীর ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটে কী দেবেন জাতীয় দলের খেলোয়াড়েরা! মুশফিকুরও স্বীকার করলেন, গলদটা গোড়ায়। ‘প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে আমরা যদি না জানি, কীভাবে এক শ, কীভাবে দেড় শ, কীভাবে দুই শ রান করতে হয়...। এই অভ্যাস না থাকলে সমস্যা তো হবেই’—বলছিলেন অধিনায়ক।অভিষেকের ১১ বছর পরও টেস্ট ক্রিকেটে বাংলাদেশ নবীন। মুশফিক সেটারও বড় কারণ মনে করছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে অনভ্যস্ততাকে, ‘আমরা চার দিনের ম্যাচ খুব একটা খেলার সুযোগ পাই না। যাঁরা খেলেন, বড় রান করতে পারেন না। এটি নিয়ে অবশ্যই ভাবতে হবে। আমার ধারণা, এ কারণেই আমরা গত ১০ বছরে টেস্ট ক্রিকেটে সফল নই।’লম্বা ম্যাচ খেলার অনভ্যস্ততা নিয়ে বড়জোর কখনো কখনো টেস্ট ড্র বা জয়ের সম্ভাবনা তৈরি করা যায়, বাস্তবে করা কঠিন। অভ্যাসটা ঘর থেকে নিয়ে না গেলে বড় দলের বিপক্ষে বড় ইনিংস খেলা কঠিন। মুশফিক তাই জোর দিলেন ম্যাচ টেম্পারামেন্টের ওপর, ‘আমাদের ম্যাচ টেম্পারামেন্টের অনেক ঘাটতি আছে। টেস্ট ড্র বা জিততে হলে বড় ইনিংস খেলতে হবে। লম্বা ইনিংস খেলার অভ্যাস করতে হবে। আমরা অনেক সময় বুঝতে পারি না কোন সময় কীভাবে খেলতে হবে। অনেক সময় স্লো খেলতে হয়, অনেক সময় দ্রুত।’মুশফিকের আশা, ভবিষ্যতে এসব দুর্বলতা দূর হবে। কিন্তু অভ্যাসটা যদি এই ১০-১১ বছরে রপ্ত হয়ে যেত, ঢাকা টেস্টের অন্য রকম ফল দেখতে পারত দর্শকেরা। সেটা হয়নি পরিকল্পনা বাস্তবায়নের ব্যর্থতায়, ভালো শুরু করেও ব্যাটসম্যানদের অসময়ে ড্রেসিংরুমে ফিরে যাওয়ায়। পঞ্চম দিনে বাংলাদেশ দলের গেম প্ল্যান ছিল সেশন ধরে ধরে খেলা। কেউ একজন সেট হলে তার ওপর বড় ইনিংস খেলার দায়িত্ব ছিল। তামিম, সাকিব, মুশফিকরা তাতে ব্যর্থ। লাঞ্চের আগে সর্বোচ্চ ২ উইকেট হারানো, নতুন বল এলে ১০-১১ ওভার ব্যাট করে বড় লক্ষ্যের দিকে এগোনো—এসবও ছিল পরিকল্পনায়। হলো না কিছুই! তবে মুশফিকের দৃষ্টিতে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল সাকিবের অদ্ভুতুড়ে আউটটাই, ‘সাকিবের আউট অনেক বড় টার্নিং পয়েন্ট ছিল। ও আউট হওয়ার পর আমিও আউট হয়ে গেলে প্ল্যান অনুযায়ী কাজ করা কঠিন হয়ে পড়ে।’শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট পঞ্চম দিনেও ছিল বিস্ময়। শেষ দিনেও ব্যাটসম্যানদের দিকেই বাড়িয়ে রেখেছিল বন্ধুর হাত! এমন উইকেটে বোলারদের সাফল্য পাওয়া কঠিন। তবে ব্যাটসম্যানরা নিজেরাই যদি আউট হতে চান, তাদের আর কষ্ট করার দরকার কী? খেলা শেষে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপলও চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন সমস্যাটা। চন্দরপলের সঙ্গে এখানে একমত মুশফিক। কার্ক এডওয়ার্ডস-ড্যারেন ব্রাভোদের ব্যাটিং কেবল হতাশাই বাড়াচ্ছে তাঁর, ‘সেট হয়ে গেলে বড় স্কোর করতেই হবে। যেটা ওরা করেছে। কার্ক এডওয়ার্ডস সেঞ্চুরি করেছে, ৮৬ করেছে। ব্রাভো ১৯৫ করেছে। টেস্ট জিততে বা ড্র করতে এ রকম বড় ইনিংস খেলা খুব জরুরি।’দুর্বলতা বোলিংয়েও আছে। নতুন বলে বাংলাদেশ দলে কোনো রোচ বা এডওয়ার্ডস নেই। মিরপুরের উইকেট থেকে স্পিনাররাও পায়নি প্রত্যাশিত টার্ন। এসবের জন্য আফসোস করেও মুশফিক ব্যর্থতার দায় চাপালেন ব্যাটসম্যানদের ওপরই।সাকিব-তামিম-ইমরুলদের সঙ্গে এই দায় মুশফিকের নিজেরও। তবে তাঁর দায় কেবল ব্যাটসম্যান হিসেবেই, নইলে অভিষেক সিরিজে অধিনায়ক মুশফিককে সফল না বলে উপায় নেই। টি-টোয়েন্টি ম্যাচ জিতেছেন, চট্টগ্রামে শেষ ওয়ানডে জিতেছেন ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানে অলআউট করে। বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টেও তাঁর দলকে দিতে হবে ভালো খেলার কৃতিত্ব। আর যেভাবেই হোক ঢাকা টেস্টও তো পেরোল পঞ্চম দিনের লাঞ্চ!অর্জনের খাতায় সাকিব-নাঈম-নাসির-সানির পারফরম্যান্সকেও যোগ করছেন অধিনায়ক। নিজের অবদান তো থাকছেই। সব মিলিয়ে অন্তত অধিনায়ক হিসেবে সিরিজটা উপভোগ্যই হয়েছে তাঁর জন্য। নতুন অধিনায়ক কৃতিত্ব দিচ্ছেন সাবেক অধিনায়ক এবং সহ-অধিনায়ককেও। ‘সত্যি বললে, রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) অসুস্থ হওয়ার পর থেকে আমি মোটামুটি একা ছিলাম। তবে সাকিব-তামিম মাঠে ও মাঠের বাইরে আমাকে দারুণ সমর্থন দিয়েছে। অনেক সময় নিজেরাই এসে বলেছে, “এভাবে করে দেখতে পারিস, তাহলে হয়তো ভালো হবে।” আমি তাদের প্রতি সন্তুষ্ট। পুরো দল ও ম্যানেজমেন্টের প্রতিই আমি সন্তুষ্ট।’আক্ষেপের কথা তো আগেই বলেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটটা যদি এ দেশে সত্যিকার অর্থেই হতো প্রথম শ্রেণীর!