আসল কাজ খেলোয়াড়দেরই: লেম্যান

সর্বোচ্চ পর্যায়ের একটি দলে কোচের ভূমিকাটা আসলে কতটা? এ নিয়ে তর্ক-বিতর্ক চলে নিরন্তর। অনেকে মনে করেন, সর্বোচ্চ পর্যায়ে আসলে কোচ একজন খেলোয়াড়কে কিছুই শেখাতে পারেন না। কারণ, জাতীয় দলের একজন ক্রিকেটার শেখার মতো অবস্থায় থাকেন না। তাহলে কি কোচের ভূমিকাটা কেবলই ‘গেমপ্ল্যানে’ সীমাবদ্ধ? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার টেনের ম্যাচের পর অনির্ধারিত এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলীয় কোচ ড্যারেন লেম্যানকে পেয়ে প্রশ্নটা না করে পারা গেল না। প্রশ্নটি শুনে সদা হাস্যোজ্জ্বল কোচ জানালেন, ‘কোচের কাজ আসলে শেখানো আর গ্যামপ্ল্যান দুটোই। কোচ এই পর্যায়ে খেলোয়াড়দের ভুল-ভ্রান্তিগুলো হাতে-কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে মাঠে গিয়ে দলকে জেতানোর দায়িত্ব খেলোয়াড়দেরই। দল না জিতলে কোচ কিন্তু দলের জন্য বোঝা হয়েই দাঁড়াতে পারেন।’
লেম্যান টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বর্তমান অবস্থার উদাহরণটিও টেনেছেন, ‘এই দুটো ম্যাচের দিকেই দেখুন। আমার দলের খেলোয়াড়েরা জানত, তাদের মাঠে গিয়ে কী করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত, পরিস্থিতি অনুযায়ী তারা খেলতে পারেনি।’
অস্ট্রেলিয়ার কোচ হয়ে খেলোয়াড়দের অনেক কিছুই শেখাতে পেরেছেন বলে মনে করেন লেম্যান, ‘গত ছয় মাসে এই দলটি দারুণ ক্রিকেট খেলেছে। দায়িত্ব নেওয়ার পর খেলোয়াড়দেরও অনেক কিছুই শেখাতে পেরেছি বলে মনে করি। গত দুটি ম্যাচে তারা হয়তো নিজেদের মধ্যে ছিল না। কিন্তু আমি বিশ্বাস করি দলের প্রতিটি খেলোয়াড়েরই শেখার এবং মাঠে গিয়ে তা প্রয়োগ করার ক্ষমতা আছে। ক্রিকেটে খেলোয়াড়দের ক্রমাগত শিখে যেতে হবে এবং তার প্রয়োগ ঘটাতে হবে। ব্যাপারটা সহজভাবে বললে এমনই।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে জেমস ফকনারের মন্তব্যে খুশি হতে পারেননি লেম্যান। তাঁর মতে, ফকনার একটু বেশিই বলে ফেলেছেন, ‘ফকনার এই কথাগুলো না বললেও পারত। আমার মতে সে অতিরিক্ত বলে ফেলেছে। সে হয়তো কথার লড়াই চালাতে গিয়েছিল। কিন্তু উল্টো ওয়েস্ট ইন্ডিজ ফকনারের এই মন্তব্য থেকে উজ্জীবিত হয়েছে।’
ক্রিস গেইলের ‘গ্যাংনাম স্টাইল’ নৃত্য নিয়ে কোনো অভিযোগ নেই লেম্যানের। তবে গেইলের নেতৃত্বে ক্যারিবীয় ক্রিকেটারদের উদ্দাম উদযাপনে খুশিও হতে পারেননি, ‘একটা ম্যাচ জিতলে আপনি একটু আবেগাক্রান্ত হতেই পারেন, এতে দোষের কিছু নেই। আমরাও অনেক ম্যাচ জিতি, কিন্তু জানি প্রতিপক্ষকে সম্মানটা কীভাবে করতে হয়।’
তবে রসিক লেম্যান একইসঙ্গে ক্যারিবীয় ক্রিকেটারদের নাচের প্রশংসা করতেও ভোলেননি, ‘ম্যাচ জিতে আমরা হয়তো নেচে মাঠ মাতাতাম না। তবে নাচটা ওয়েস্ট ইন্ডিয়ানরা ভালোই করে। এ ব্যাপারে প্রশংসা তারা পেতেই পারে।’