কেউ ব্যাটসম্যানদের টেকনিকে খুঁত দেখছেন, কেউ দায় দিচ্ছেন নির্বাচকদের। ট্রেন্ট ব্রিজের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যর্থতার একটা কারণ খুঁজে পেয়েছেন ইয়ান হিলিও। সেটি কিছুটা অন্যরকম বৈকি! সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটসম্যানের মতে, স্ত্রী আর বান্ধবীদের কারণেই খেলায় মনোযোগ ছিন্ন হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। চ্যানেল নাইনে চলতি টেস্টের ধারাভাষ্যে হিলি বলেছেন, ‘ওদের সবার সঙ্গী এসেছে এই সফরে। আমি যাদের সঙ্গে খেলেছি, তাঁদের মধ্যে শ্রদ্ধাভাজন অনেকেই এই চিত্তবিক্ষেপ পছন্দ করতেন না। সিরিজ জেতার আগ পর্যন্ত স্ত্রী ও বান্ধবীদের আসতে দেওয়া হতো না।’ উল্টো মতও অবশ্য আছে। অস্ট্রেলিয়ার ক্রীড়া মনোবিদ ফিল জন্সি যেমন বলেছেন, ‘ব্যাটসম্যানদের বাজে শট খেলায় তাদের স্ত্রী-বান্ধবীর কী ভূমিকা থাকতে পারে সেটা বোঝা খুব কঠিন।’ ব্যাখ্যাটা হয়তো হিলিই ভালো দিতে পারবেন! সিডনি মর্নিং হেরাল্ড।