আসল খেলা চা-বিরতির পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহমুদউল্লাহ আর নাসির ব্যাট করছিল তখন। রান ৩৫০-এর মতো। মাঠ ছেড়ে আসার সময় সাকিবকে বলে এসেছিলাম, ওরা এভাবে খেললে কমপক্ষে ৪৮০ রান হবে, ৫০০ পার হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।এটা টেস্টের তৃতীয় বিকেলের কথা। ওই রাতেই আমি সিলেটে চলে আসি জাতীয় লিগের ম্যাচ খেলতে। নিজে ম্যাচের মধ্যে থাকায় ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা টেলিভিশনে দেখা হয়নি। তবে খোঁজখবর রেখেছি। চা-বিরতির আগে আগে কোচ জালাল স্যারের (জালাল আহমেদ চৌধুরী) কাছে শুনলাম, বাংলাদেশ দল ৫৫৬ রান করেছে। টেস্ট ক্রিকেটে এটা বাংলাদেশ দলের সর্বোচ্চ ইনিংস। এত রান হয়েছে শুনে একটুও অবাক হইনি, বরং মনে হয়েছে, এটাই তো হওয়ার কথা ছিল। এই উইকেটে ৫০০ রান করার সামর্থ্য আমাদের ব্যাটসম্যানদের আছে।তবে নাসিরের জন্য খারাপ লাগছে। ভবিষ্যতে হয়তো সে অনেক সেঞ্চুরিই করবে, কিন্তু এই সেঞ্চুরিটা তো মিস হয়ে গেল! টেস্ট সেঞ্চুরি একজন ব্যাটসম্যানের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। নাসির তা থেকে বঞ্চিত হলো মাত্র ৪ রানের জন্য।ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ের খবরগুলো একেক সময় একেক অনুভূতি এনে দিচ্ছিল। যখন শুনলাম ২ উইকেট পড়েছে এবং ক্রিস গেইলও আউট, একটু স্বস্তি পেয়েছিলাম। পর পর দুই ইনিংসে শুরুতেই গেইলকে ফেরাতে পারা বিরাট সাফল্য। ব্যাটিং শেষ করে এসে ইমরুল কায়েসের কাছে শুনলাম, আরও ৪ উইকেট পড়েছে। তখন মনে হচ্ছিল, আমাদের জেতার ভালো সম্ভাবনা আছে। কিন্তু যখন শুনলাম চন্দরপল এখনো আছে, মনটা খারাপই হয়ে গেল। ওই ৬ উইকেটের মধ্যে সেও আউট হয়ে গেলে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করা সহজ হতো। চন্দরপল থেকে যাওয়ায় সেটা অতটা সহজ নাও হতে পারে। তার পরও কাল পর্যন্ত ওদের লিডটা ২১৫ রানের। আমি এখনো মনে করি, জয় না হোক, এই টেস্ট আমরা খুব সহজেই ড্র করতে পারি।ওয়েস্ট ইন্ডিজকে শেষ দিন ১৫-১৬ ওভারের মধ্যে অলআউট করে দিতে পারলে খুবই ভালো। তবে সে জন্য ব্যস্ত হওয়ার কিছু নেই। উইকেট না পেলে রান আটকাতে হবে। উইকেটও ফেলতে পারব না, ওদের রানটাও তরতর করে উঠে যাবে—এ রকম হলে ম্যাচে থাকা কঠিন হবে। ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করার আগ পর্যন্ত অন্য কিছু চিন্তা না করাই ভালো। অলআউট করার পর পরিস্থিতি বুঝে জয় কিংবা ড্রয়ের জন্য যেতে হবে। এই টেস্টের আসল খেলা হবে শেষ দিন চা-বিরতির পর। আমার ধারণা, ম্যাচের ফলাফল নির্ধারণ করবে শেষ সেশনের খেলাই।দলে ক্রিকেট মস্তিষ্কের অভাব নেই। তাঁরা নিশ্চয়ই বুঝেশুনেই ঠিক করবেন কী করতে হবে। তবে আমি মনে করি, ভালো কিছু পেতে হলে ওয়েস্ট ইন্ডিজের লিডটাকে ২৫০ রানের মধ্যে আটকাতে হবে। প্রতিপক্ষ দলে স্ট্রোক মেকারের অভাব নেই। ওটা মাথায় রেখে বল করতে হবে। আবারও বলি, খেলাটাকে শেষ সেশনে নিয়ে গিয়েই সিদ্ধান্ত নিতে হবে আমরা কিসের জন্য যাব—ড্র, নাকি জয়।