আসল জাদুকর তো সাবেলাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিফাইনালে হল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলার উল্লাস। ছবি: রয়টার্স
সেমিফাইনালে হল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলার উল্লাস। ছবি: রয়টার্স

লুইস ফন গাল আর আলেসান্দ্রো সাবেলা। দুজনের নামের সঙ্গেই আছে ‘জাদুকর’ তকমা। ডাচ কোচ ফন গালের জাদুতেই এবারের বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল হল্যান্ড।

দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে কুলিং ব্রেকের সুবিধা কাজে লাগানো, কোয়ার্টার ফাইনালের শেষ মুহূর্তে গোলরক্ষক পরিবর্তন; ফন গাল বারবারই মনে করিয়ে দিচ্ছিলেন যে, কেন তাঁকে এবারের আসরের সেরা টেকটিশিয়ান বলা হচ্ছে। কিন্তু সেমিফাইনালে ডাচ কোচকে হার মানতে হলো আরেক জাদুকরের কাছে। আর্জেন্টাইন কোচ আলেসান্দ্রো সাবেলাই বনে গেলেন আসল জাদুকর।
সাবেলা অবশ্য ‘এল মাগো’ বা ‘দ্য ম্যাজিশিয়ান’ তকমাটি পেয়েছিলেন খেলোয়াড়ি জীবনে। কোচ হিসেবে যে খুব সফল হতে পারবেন, এমন আশা হয়তো খুব কম মানুষই করেছিলেন। ২০১১ সালে সাবেলার হাতে যখন আর্জেন্টিনার কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল তখন ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী কোচ সিজার মেনোত্তি বলেছিলেন, ‘আমি জানি না কেন তাকে বেছে নেওয়া হলো। জানি না তার পরিকল্পনা কী রকম।’
কিন্তু এবারের বিশ্বকাপে সাবেলা দেখিয়ে দিলেন, তাঁর হাতে দায়িত্ব দিয়ে মোটেও ভুল করেনি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। সাবেলার তত্ত্বাবধানেই দুই যুগ পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে আলবেসিলেস্তেরা। দাঁড়িয়ে আছে তৃতীয় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাই একমাত্র দল, যারা সবগুলো ম্যাচেই পেয়েছে জয়ের স্বাদ। হল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দুই কোচের কৌশলী লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে সাবেলারই।
আর্জেন্টিনার বর্তমান দলটা লিওনেল মেসির ওপর খুব বেশি মাত্রায় নির্ভরশীল কি না, এমন প্রশ্ন শুরু থেকেই ব্যতিব্যস্ত করে রেখেছিল সাবেলাকে। অন্যদের মতো সাবেলা প্রশ্নটাকে এড়িয়ে যাননি। বরং মেসিকে ঘিরেই সাজিয়েছেন রণকৌশল। এ সময়ের অন্যতম সেরা ফুটবলারের হাতেই তুলে দিয়েছেন অধিনায়কের বাহুবন্ধনী। ফলটাও আর্জেন্টিনার সমর্থকেরা পেয়েছেন হাতেনাতেই। চারটি গোল করে মেসি সত্যিই দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে।
আর্জেন্টাইন ফুটবলের শীর্ষ পর্যায়ে পৌঁছানোর জন্য লম্বা পথ পাড়ি দিতে হয়েছে সাবেলাকে। দীর্ঘদিন তিনি কাজ করেছিলেন ড্যানিয়েল পাসারেলার সহকারী হিসেবে। ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচিং দলের সদস্যও ছিলেন সাবেলা। ২০০৯ সালে প্রথমবারের মতো দায়িত্ব নিয়েছিলেন প্রধান কোচ হিসেবে। শুরুতেই পেয়েছিলেন সাফল্য। সে বছরই আর্জেন্টিনার ক্লাব এস্তাদিয়ান্তেসকে জিতিয়েছিলেন কোপা লিবার্তোদোরেস শিরোপা। পরের বছরই এস্তাদিয়ান্তেস জিতেছিল আর্জেন্টাইন লিগ শিরোপা।
এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জেতাতে পারলেই ইতিহাসে জায়গা করে নিতে পারবেন সাবেলা। এএফপি।