আসল প্রতিপক্ষ জিম্বাবুয়ে নয়
কোচ অ্যালান বুচার খুবই খুশি। ছয় বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার আগে জিম্বাবুয়ের প্রস্তুতিতে অন্তত কোনো খুঁত থাকছে না। হারারেতে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ‘প্রত্যাবর্তন টেস্ট’টা শুরু হওয়ার কথা ৬ আগস্ট। তার আগে ছয়জন টেস্ট খেলোয়াড়সমৃদ্ধ অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে দুটি চারদিনের ম্যাচ খেলার সুযোগ—এর চেয়ে ভালো প্রস্তুতি আর কী হতে পারে!আর বাংলাদেশ? জিম্বাবুয়ে ছয় বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছে, বাংলাদেশের জন্যও তো এটা ফেরাই। ১৪ মাস পর টেস্ট! টেস্ট ক্রিকেট থেকে এত লম্বা ছুটি আগে আর নেয়নি বাংলাদেশ।বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ বললে সম্ভাবনার পাল্লা বাংলাদেশের দিকেই হেলে থাকে এখন। কিন্তু টেস্ট থেকে বাংলাদেশের দীর্ঘ বিরতির কারণেই সেটি এবার খুব জোর গলায় বলা যাচ্ছে না। জিম্বাবুয়ের বিরতি পড়েছে আরও বেশি, সর্বশেষ টেস্ট ২০০৫ সালের সেপ্টেম্বরে। তবে দীর্ঘ নির্বাসন শেষে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে চেষ্টার কমতি নেই আফ্রিকার দেশটির। অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ তো আছেই, টেস্টের জন্য রীতিমতো গবেষণাগার খুলে খোঁজা হচ্ছে ক্ষুরধার পেসার। বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে গত বছরের জুনে। ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে তিনদিনের সেই টেস্ট শেষ হয়েছে ৬ জুন। এরপর বিশ্বকাপকে ধ্যানজ্ঞান করে ওয়ানডে নিয়েই বেশি ব্যস্ততা। অন্য সব দলই বিশ্বকাপের আগে টেস্ট খেললেও বাংলাদেশ টেস্ট খেলল না ওয়ানডে খেলা ভুলে যাওয়ার ভয়ে! মজার ব্যাপার, বাংলাদেশে নির্ধারিত টেস্ট না খেলে ওয়ানডের সংখ্যা বাড়িয়েছিল যে নিউজিল্যান্ড, বাংলাদেশ সফরের পর ভারতে গিয়ে তারা ঠিকই টেস্ট খেলেছে।টেস্ট ক্রিকেট থেকে দীর্ঘ ‘নির্বাসনের’ অভিজ্ঞতা আগেও একবার হয়েছে। ২০০৬-এর এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের পর ১৩ মাস বাংলাদেশ কোনো টেস্ট খেলেনি। প্রত্যাবর্তন ২০০৭ সালের মেতে। ওই দীর্ঘ বিরতি কতটা ক্ষতি করেছিল, সেটা শুনুন তখনকার অধিনায়ক ও বর্তমানে নির্বাচক হাবিবুল বাশারের কাছ থেকেই, ‘আমরা যতটুকু এগিয়ে ছিলাম, তা থেকে অন্তত দুই বছর পিছিয়ে যাই ওই বিরতিতে। ১৩ মাস পর টেস্টে ফিরে আমাদের আবার প্রথম থেকে সবকিছু শুরু করতে হয়েছিল।’শঙ্কাটা এ কারণেই, জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি এবারও একই অভিজ্ঞতা উপহার দেবে না তো! টেস্ট তো নয়ই, মাঝের সময়টায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা দীর্ঘ পরিসরের ক্রিকেটই খেলেননি সেভাবে। জাতীয় লিগে দু-একটা ম্যাচ খেলার সুযোগ পাওয়া গেছে বিশ্বকাপের পর, সেই ম্যাচগুলোও আবার খেলেননি সবাই। টেস্ট ক্রিকেটটা খেলোয়াড়দের কাছে এখন তাই অচেনা মনে হতেই পারে। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেনও সমস্যাটা স্বীকার করে নিলেন, ‘এটা ঠিক, এই গ্যাপটা আমাদের ক্ষতি করেছে। তবে কিছু করারও ছিল না। অস্ট্রেলিয়ার সিরিজের পর ছেলেরা সবাই বিশ্রামে চলে গেল। কোচিং স্টাফদের মেয়াদ শেষ হয়ে গেল। বাড়তি খেলার কথা চিন্তা করতে পারিনি।’ কিন্তু প্রশ্নটা তো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পরের সময়টা নিয়ে নয়। এর আগে এত দীর্ঘ বিরতি কেন পড়ল, প্রশ্ন হলো এটা। যে প্রশ্নের কোনো যুক্তিগ্রাহ্য উত্তর নেই। যা হয়ে গেছে, তা নিয়ে আক্ষেপ করে তো আর লাভ নেই। কিন্তু টেস্টে ফেরার আগে বাড়তি প্রস্তুতির কথা কি ভাবা উচিত ছিল না বিসিবির? এনায়েত হোসেনের দাবি, জিম্বাবুয়ে যাওয়ার পথে দক্ষিণ আফ্রিকায় থেমে তাদের ‘এ’ দলের সঙ্গে একটি চারদিনের ম্যাচ খেলার সম্ভাব্যতা যাচাই করে দেখা হচ্ছে। সেটা না হলে ১৪ মাস পর টেস্ট খেলার আগে বাংলাদেশের প্রস্তুতির সুযোগ বলতে শুধু ১ আগস্ট হারারেতে শুরু তিনদিনের প্রস্তুতি ম্যাচটাই। বাংলাদেশ দলের জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা আগামী ২৭ জুলাই।এক টেস্ট এবং পাঁচ ওয়ানডের সিরিজের প্রস্তুতি ক্যাম্পেও ম্যাচ অনুশীলনের ওপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা প্রধান, ‘আমাদের ইচ্ছা আছে, ছেলেদের নিজেদের মধ্যে কিছু ম্যাচ খেলানোর। প্রয়োজনে জাতীয় লিগের চ্যাম্পিয়ন দল রাজশাহীর বিপক্ষে একটা চারদিনের ম্যাচ হতে পারে। নতুন কোচ এলে তাঁর সঙ্গে আলাপ করে এসব ঠিক করা হবে।’এমনিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স বানরের তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার গল্প মনে করিয়ে দেয়। এক ফুট ওপরে উঠলে এমন দীর্ঘ বিরতি আবার নামিয়ে আনে দুই ফুট। যে কারণে হারারে টেস্টে জিম্বাবুয়ে নয়, বাংলাদেশের আসল প্রতিপক্ষ টেস্ট ক্রিকেটের সঙ্গে ১৪ মাসের বিচ্ছেদ।